Managing Evening Craving

সন্ধ্যার মুখরোচক খাবার ইচ্ছে তাড়ান ৫ স্বাস্থ্যকর জলখাবারে! যা দ্রুত বানানো যাবে

যাঁরা ওজন কমাতে চান, নিজেকে স্বাস্থ্যকর রুটিনে বেঁধে রাখতে চান, তাঁদের জন্য এই বিকেল বা সন্ধ্যার খাওয়ার ইচ্ছে বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সেই ইচ্ছেকে লাগাম পরাতে চাইলে কিছু বিকল্প ভেবে রাখুন এবং রেঁধে রাখুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮
Share:

ছবি : সংগৃহীত।

সন্ধ্যার সময় হালকা খিদে পায়। আর সেই খিদে মেটাতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর খাওয়া হয়ে যায়। যাঁরা ওজন কমাতে চান, নিজেকে স্বাস্থ্যকর রুটিনে বেঁধে রাখতে চান, তাঁদের জন্য এই বিকেল বা সন্ধ্যার খাওয়ার ইচ্ছে বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সেই ইচ্ছেকে লাগাম পরাতে চাইলে কিছু বিকল্প ভেবে রাখুন এবং রেঁধে রাখুন। খুব বেশি তরিবত করতে হবে না। অল্প সময়েই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর বিকল্প খাবার দাবার।

Advertisement

পিনাট বাটার ও আপেল

মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এটি সেরা অপশন। এতে ফাইবার এবং প্রোটিন দুই-ই থাকে। একটি আপেল স্লাইস করে কেটে নিন। প্রতিটি স্লাইসের ওপর সামান্য পিনাট বাটার লাগিয়ে খান। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে।

Advertisement

ভাজা মাখানা, ছোলা বা পপকর্ন

মুচমুচে নোনতা কিছু খেতে চাইলে ছোলা বা মাখানা বা পপকর্ন ভাল বিকল্প হতে পারে। শুকনো প্যানে সামান্য ঘি বা তেল দিয়ে মাখানা বা ছোলা বা পপকর্ন ভেজে নিন। ওপর থেকে গোলমরিচ গুঁড়ো এবং বিট নুন ছিটিয়ে দিন। বা ছড়িয়ে দিন কোনও মশলা। এতে স্বাদ যেমন বাড়বে, তেমনই অস্বাস্থ্যকর খাওয়ার প্রবণতাও কমবে।

ছোলার স্যালাড

সাধারণ চাট নয়, বরং একটু রিফ্রেশিং সল্যাড। এতে প্রোটিন প্রচুর থাকে, যা সন্ধ্যায় খেলে রাত পর্যন্ত পেট ভর্তি রাখবে। সেদ্ধ করা কাবলি ছোলা বা সাধারণ ছোলার সঙ্গে কুচনো লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, প্রচুর ধনেপাতা এবং সামান্য অলিভ অয়েল মেশান। ওপর থেকে একটু ফেটা চিজ বা গ্রেট করা পনির এবং গোলমরিচ ছড়িয়ে দিন।

ওটস প্যানকেক

ওটস মানেই শুধু প্রাতরাশের খাবার নয়। যা দুধ-কলা বা দই দিয়ে খাওয়া হবে। ওটস দিয়ে নোনতা স্বাদের প্যানকেকও বানানো যেতে পারে। ওটস গুঁড়ো করে তাতে সামান্য দই, আদা-লঙ্কা বাটা এবং আপনার পছন্দের সবজি (যেমন: গাজর বা পালং শাক কুচি) মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। নন-স্টিক প্যানে সামান্য তেল দিয়ে ছোট ছোট প্যানকেকের মতো এপিঠ-ওপিঠ করে সেঁকে নিন। আমিষ খেলে এতে ডিমও দিতে পারেন। সে ক্ষেত্রে দই না দিলেও হবে।

রোস্টেড পনির

পনির যদি পছন্দ হয়, তবে এটি সেরা বিকেলের স্ন্যাক হতে পারে। পনির ছোট কিউব করে কেটে তাতে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো এবং একটু কসুরি মেথি মাখিয়ে নিন। খুব সামান্য বাটারে প্যানে হালকা বাদামী করে সঁতে করে নিন। এতে কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, তবে প্রোটিন রয়েছে প্রচুর। ওজন না বাড়িয়ে পেট ভর্তি রাখার জন্য আদর্শ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement