কিছু খেলেই পেট ফাঁপছে? অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকতে পারে বিশেষ পানীয়েই, বাছবেন কোনটি

পেটের সমস্যা কমবে, অন্ত্র ভাল থাকবে। ৫ পানীয়ে চাঙ্গা থাকবে শরীর। কখন, কোন পানীয় বেছে নেবেন?

Advertisement
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৯:৫৮
Share:

গরম পড়তেই পেটের সমস্যা! কখনও পেট ফাঁপছে, কখনও আবার হজমের গন্ডগোল হচ্ছে! পেটফাঁপা, গ্যাস, পেট খারাপের সমস্যায় ভোগেন লক্ষ লক্ষ মানুষ। এমন সমস্যার সমাধান হল সঠিক চিকিৎসা। হার্ভার্ডে প্রশিক্ষিত চিকিৎসক সৌরভ শেট্টি জানাচ্ছেন, অনেক সময়ে অন্ত্র ভাল রাখলেও ছোটখাটো সমস্যা এড়ানো যায়। ওষুধ নয়, অনেক সময়ে ঘরোয়া পানীয়ও পেট ভাল রাখে। তালিকায় রাখবেন কী কী?

Advertisement

ছাস: টক দই জল দিয়ে পাতলা করে নুন, জিরে গুঁড়ো দিয়ে ছাস তৈরি হয়। ছাসে থাকে প্রোবায়োটিক। এই গরমে অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে ছাস। মাইক্রোবিয়াল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পানীয়টি। বিশেষত দু’দিন অন্তর হজমের গোলমাল হলে বা অসুস্থতার জন্য অ্যান্টি-বায়োটিক খেতে হলে অবশ্যই ছাস খাওয়া দরকার।

আদা-চা: অম্বল, বুকজ্বালা, মাথা ধরা, গলা ব্যথায় আদা-চায়ে ভরসা রাখেন ভারতীয়েরা। গরম চা খুবই আরামদায়ক। আদার রস হজমে সহায়ক। বমিভাব কমে যায় মুখে এক টুকরো আদা রাখলে। আদা পাচনকারী উৎসেচক নিঃসরণে সাহায্য করে। ফলে হজমক্ষমতা বৃদ্ধি পায়।

Advertisement

পুদিনা চা: পুদিনায় থাকে মেন্থল যা পৌষ্টিকতন্ত্রে প্রদাহ কমাতে এবং আরাম দিতে সাহায্য করে। সেই কারণে, পেট ফাঁপা বা পেটে অস্বস্তি হলে পুদিনা ফোটানো জল বা ভেষজ চায়ে চুমুক দেওয়া যায়। হালকা গরম পুদিনা চা পেটের সমস্যায় তৃপ্তিদায়ক।

ডাবের জল: গরমে গলদঘর্ম হওয়ার পর যখন ক্লান্ত লাগে তখন ডাবের জলই হতে পারে শরীর চাঙ্গা রাখার উপায়। এতে থাকা পটাশিয়াম এবং সোডিয়াম ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। গরমে জলের অভাব হলেও শরীর অসুস্থ হতে পারে। ডাবের জল সেই চাহিদা পূরণ করে এবং শরীর ঠান্ডা রাখে।

কালো কফি: পেটের চিকিৎসক জানাচ্ছেন, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য ভাল পথ্য হতে পারে চিনি ছাড়া কালো কফি। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। তবে বেশি নয়, সারা দিনে ২-৩ কাপ কালো কফি খাওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement