বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।
আইপিএলে কমলা টুপির জেতার দৌড়ে সকলের আগে ছিল বৈভব সূর্যবংশী। তবে ফাইনালে শুভমন গিল এবং সাই সুদর্শন বড় ইনিংস খেললে টপকে যাওয়ার সুযোগ ছিল বৈভবকে। সেটা হল না। ফাইনালের ২২ বল পরেই কমলা টুপি নিশ্চিত হয়ে গেল বৈভবের। বৈভবের রানের সবচেয়ে কাছে রয়েছেন বিরাট কোহলি। তবে ব্যবধান যা তাতে কোহলির পক্ষে বৈভবকে টপকানো কার্যত অসম্ভব। আনুষ্ঠানিক ভাবে কমলা টুপি পেলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জিতবে বৈভব।
আইপিএলে ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছে বৈভব। ফাইনালের আগে শুভমনের রান ছিল ৭২২। সুদর্শনের রান ছিল ৭১০। ফলে এই দু’জন টপকাতে পারতেন। তবে ফাইনালে শুভমন ১০ রানে এবং সুদর্শন ১২ রানে আউট হয়ে যাওয়ার পরেই বৈভবের কমলা টুপি নিশ্চিত হয়ে যায়। কোহলি রয়েছেন ৬ নম্বরে। তাঁর রান ৬০০। বৈভবকে টপকাতে গেলে ১৭৭ রান করতে হবে ফাইনালে। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের যা পরিস্থিতি তাতে গোটা দলের অত রান উঠবে কি না তা নিয়েই সন্দেহ রয়েছে। ফলে কোহলির পক্ষে বৈভবকে টপকানো কার্যত অসম্ভব।
শুধু তাই নয়, আরও দু’টি পুরস্কার পাওয়ার সামনে রয়েছে বৈভব। এমভিপি, অর্থাৎ সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের তালিকায় সকলের আগে রয়েছে বৈভব। তাঁর পয়েন্ট ৪৩৬.৫। কাগিসো রাবাডা, শুভমনেরা কাছাকাছি আছে। তবে শেষ ম্যাচে তাঁদের অবিশ্বাস্য পারফরম্যান্স না দেখা গেলে বৈভবকে টপকানো অসম্ভব।
এ ছাড়াও উদীয়মান ক্রিকেটারের তালিকাতেও সকলের আগে রয়েছে বৈভব। আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা, সমীর রিজ়ভিরা অনেক পিছনে রয়েছেন।