Anti-Imflamatory Drink

ওজন বৃদ্ধি, অস্থিসন্ধিতে ব্যথার নেপথ্যে কারণ হতে পারে প্রদাহ! ৩ পানীয়ে পেতে পারেন আরাম

হেঁশেলের রকমারি মশলা দিয়ে বানিয়ে ফেলুন কিছু প্রদাহনাশক পানীয়। দেখে নিন কী কী ব্যবহার করলে উপকার মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ২০:০৭
Share:

প্রদাহনাশক পানীয় বানিয়ে ফেলুন বাড়িতেই। ছবি: সংগৃহীত।

বদলেছে জীবন। বেড়েছে ব্যস্ততা, ছোটাছুটি। খিদের মুখে ভাজাভুজি বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, ধূমপান, মদ্যপানের প্রভাব পড়ছে শরীরে। তার উপর রয়েছে কর্মক্ষেত্রে চাপ, দুশ্চিন্তা, ক্লান্তি। ফলাফল, কম বয়সেই ঘাড়ে, কোমরে ব্যথা, ৩৫-এ পৌঁছেই গেঁটে বাত, ডায়াবিটিস। অসুখের তালিকা দীর্ঘ। বয়স বাড়লে শরীর স্বাভাবিক ভাবেই জানান দেবে। তবে চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা বলছেন, অসুখের কারণ লুকিয়ে রয়েছে নিত্যদিনের যাপনপদ্ধতি, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসেও। শরীরে জীবাণু সংক্রমণ, ভুল খাদ্যাভ্যাস, হজম প্রক্রিয়ায় গোলমাল, শরীরে টক্সিন জমে যাওয়া প্রদাহের কারণ হতে পারে। আর তা থেকেই জন্ম নিতে পারে নানা রকম অসুখ। অস্থিসন্ধিতে ব্যথা, ক্লান্তি, ওজন বৃদ্ধির নেপথ্য কারণ হতে পারে প্রদাহ। পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বলছেন,‘‘সর্দিকাশি থেকে ব্যথা-বেদনা, অ্যালার্জি— এমন অনেক কিছুই প্রদাহজনিত কারণে হতে পারে। আর ভারতীয় মশলার নিজস্ব গুণ যে আছে, তা নিয়ে তো সন্দেহ নেই।’’

Advertisement

রকমারি মশলা দিয়ে বানিয়ে ফেলুন কিছু প্রদাহনাশক পানীয়। দেখে নিন কী কী ব্যবহার করলে উপকার মিলবে।

হলুদ-গোলমরিচের চা: জল ফুটিয়ে তাতে হলুদ, আদা ও গোলমরিচ দিয়ে দিন। ৫-৭ মিনিট অল্প আঁচে ফুটতে দিন। একটি কাপে ছেঁকে নিন এবং মধু মিশিয়ে গরম করে গরম খান।

Advertisement

আদা লেবুর পানীয়: আদাকুচি ৫-১০ মিনিট ধরে ফুটিয়ে নিন। আঁচ থেকে নামিয়ে নিন, পানীয়টি হালকা ঠান্ডা করে নিন। তার পর লেবুর রস আর মধু মিশিয়ে পান করুন।

পুদিনাপাতা-সহ গ্রিন টি: প্রথমে একটি পাত্রে খানিকটা জল নিয়ে তার মধ্যে এক মুঠো পুদিনাপাতা দিয়ে ফুটতে দিন। এ বার পাত্রটি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিয়ে গ্রিন টি মেশান। মিনিট দুয়েক পর ছেঁকে গরম গরম খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement