Pregnancy Tips

একে শীতকাল, তার উপরে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, হবু মায়েরা নিজেদের যত্ন নেবেন কী ভাবে?

শীতকালে নানা সংক্রমণের ভয় থাকেও। তা ছাড়া, করোনার নতুন উপরূপ চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই শীতকালে অন্তঃসত্ত্বাদের বাড়তি সাবধানে থাকা জরুরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৩
Share:

শীতে হবু মায়েদের বিশেষ যত্ন প্রয়োজন। ছবি: সংগৃহীত।

শীতকালে আবহাওয়া সুন্দর এবং মনোরম থাকে। ফলে অনেকেই মা হওয়ার জন্য শীতের মরসুমটাই বেছে নেন। তা ছাড়া, শীতকালে প্রচুর মরসুমি শাকসব্জি পাওয়া যায়। অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের যত্ন নিতেও সমস্যা হয় না। সুবিধা যেমন আছে, শীতকালের কিছু সমস্যাও রয়েছে। একেই সর্দি-কাশির মরসুম, ফলে একটু সাবধানে থাকা জরুরি। সেই সঙ্গে নানা সংক্রমণের ভয় থাকে। তা ছাড়া, করোনার নতুন উপরূপ চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই শীতকালে অন্তঃসত্ত্বাদের বাড়তি সাবধানে থাকা জরুরি।

Advertisement

১) অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শীতকালে প্রচুর পরিমাণে জল খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। শীতকালে শরীরের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন। শুধু জল নয়, অন্তঃসত্ত্বারা ডাবের জল, লেবুর রস, গরম স্যুপও খেতে পারেন। তবে অত্যধিক পরিমাণে কফি, চা, নরম পানীয়, মিষ্টি জাতীয় পানীয় থেকে দূরে থাকাই শ্রেয়।

২) মা হতে চলেছেন যাঁরা, শীতে প্রতিদিনের খাদ্যতালিকায় সতেজ ফল, সবুজ শাকসব্জি রাখা জরুরি। প্রক্রিয়াজাত খাবার, তৈলাক্ত খাবার একেবারেই এড়িয়ে চলা ভাল শীতে। এই সময়ে তেল-মশলা জাতীয় খাবার খেলে গ্যাস, অম্বল হওয়ার আশঙ্কা থাকে। তাই খাওয়াদাওয়া নিয়ে সাবধানে থাকা জরুরি।

Advertisement

৩) নিজেকে চাঙ্গা রাখতে বাড়িতেই হাঁটাচলা করুন। নিয়মিত শরীরচর্চা করুন। শারীরিক ভাবে সক্রিয় থাকলে সুস্থ থাকবে শরীর। শারীরিক কোনও জটিলতা তৈরি হওয়ার সুযোগ থাকবে না। তবে কী ধরনের ব্যায়াম করবেন, সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়া ভাল।

৪) অন্তঃসত্ত্বা অবস্থায় ভিড় থেকে একেবারে দূরে থাকুন। শীতে উৎসব লেগেই থাকে। এই সময়ে সে সব থেকে একটু দূরে থাকা জরুরি। বাড়িতে কোনও অতিথি এলে দূরত্ব বজায় রাখুন। করোনা নতুন করে চোখ রাঙাচ্ছে। ফলে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বাড়িতে থাকলেও মাঝেমাঝেই স্যানিটাইজ়ার মেখে নিন। ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত ওষুধ খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement