weight Loss Tips

কাজের ব্যস্ততায় জিমে যাওয়ার সময় নেই? ৯-১০ ঘণ্টা অফিসে থেকেই ওজন ঝরাবেন কী ভাবে?

ওজন কমাতে অনেকেই জিমে যাওয়ার, ডায়েট করার পরিকল্পনা করেন। কিন্তু ব্যস্ততা আর কাজের জন্য পরিকল্পনা মাফিক কিছুই হয় না। তবে অফিসে নিজের ডেস্কে বসেও ওজন ঝরিয়ে ফেলতে পারেন। ভাবছেন, কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ২০:১২
Share:

অফিসে বসেই ঝরবে ওজন, জানতে হবে পন্থা। ছবি: শাটারস্টক।

অফিসে ব্যস্ততা প্রচুর। হাজারটা কাজ, মিটিং, খাবার খাওয়ার এমনকি চেয়ার ছেড়ে ওঠার সময়টুকু পর্যন্ত পাওয়া যায় না। তাড়াহুড়ো আর ব্যস্ততা সামলাতে হয় বসে বসেই। আর দিনের অধিকাংশ সময় বসে থাকার ফলে বেড়ে যায় ওজন। শরীরে বাসা বাঁধে আরও অনেক রোগবালাই। অগত্যা ওজন কমাতে অনেকে আবার জিমে যাওয়ার, ডায়েট করার পরিকল্পনা করেন। কিন্তু ঘুরেফিরে সেই ব্যস্ততা আর কাজের জন্য পরিকল্পনামাফিক কিছুই হয় না। তবে অফিসে নিজের ডেস্কে বসেও কিন্তু ওজন ঝরিয়ে ফেলতে পারেন। ভাবছেন, কী ভাবে?

Advertisement

কাজের মাঝে পাঁচ মিনিটের বিরতি

কাজ আর ব্যস্ততা থাকবেই। তার ফাঁকেই যত্ন নিতে হবে শরীরের। এক জায়গায় বসে একটানা কাজ করে যাওয়ার অভ্যাস একেবারেই ভাল নয়। মাঝেমাঝেই কাজ থেকে খানিক বিরতি নিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। স্ট্রেচিং করতে পারেন। দু’-এক পা হেঁটে আসতে পারেন। এতে শরীরের রক্ত চলাচলও ভাল হবে।

Advertisement

চেয়ারে বসে ফোনে কথা না বলা

কাজের মাঝে বন্ধু, প্রিয়জন, বাড়ির মানুষের ফোন আসতেই থাকে। কাজ করতে করতে কথা বললে মনটাও বেশ ভাল লাগে। তবে শরীরের যত্ন নিতে চেয়ারে না বসে, হাঁটতে হাঁটতে ফোনে কথা বলতে পারেন। তা হলে একসঙ্গে মন এবং শরীরের যত্ন নেওয়া হয়ে যায়।

লিফ‌্‌টের সঙ্গে আড়ি

লিফ্‌ট ব্যবহার করে ওঠানামা করলে সময় বাঁচে। তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সিঁড়ি দিয়েও চলাফেরা করতে পারলে ভাল। সিঁড়ি ভাঙা হল শরীরচর্চার অত্যন্ত কার্যকরী একটি ধাপ। ওজন নিয়ে সচেতন হলে লিফ্‌টের বদলে সিঁড়ি ব্যবহার করুন।

জল খেতে হবে মনে করে

ওজন নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি। কাজ করতে করতে অনেকেই জল খেতে ভুলে যান। সেটা শরীরের জন্য একেবারেই ভাল অভ্যাস নয়। জলের পরিমাণ কমে গেলে ওজন বাড়তে থাকে। তাই কাজ করুন, সঙ্গে কিছু ক্ষণ অন্তর জলও খান। জল খাওয়ার কথা মনে না থাকলে নির্দিষ্ট সময় অন্তর ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন।

মুখরোচক খাবারে লাগাম

অনেকে কাজ করার ফাঁকে মুখ চালাতে পিৎজ়া, বার্গার, রোল, চাউমিনের মতো মুখরোচক খাবার আনিয়ে নেন। নিত্য দিন এই ধরনের খাবার খাওয়ার অভ্যাসে ওজন বাড়ে দ্রুত। তাই বসে থাকলেও ওজন যাতে না বাড়ে, তার জন্য ভাজাভুজি এড়িয়ে চলুন। বদলে বাদাম, ড্রাই ফ্রুটস, মাখানা, ফলের মতো স্বাস্থ্যকর খাবার খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement