গরমে খান গ্রিক ইয়োগার্ট রায়তা। ছবি: সংগৃহীত।
স্বাদ এবং স্বাস্থ্য— এই দুইয়ের মিশেল থাকা আদর্শ গ্রীষ্মের খাবার হল রায়তা। এমন জিনিস যা, পেট ঠান্ডা রাখার পাশাপাশি, খাবারে বাড়তি স্বাদের জোগান দিতে পারে। তবে চেনা রায়তাকে যদি অচেনা বানাতে হয় এবং সেই সঙ্গে পুষ্টির মাত্রাও খানিক বাড়িয়ে নিতে হয়, তবে গরমে বানিয়ে নিতে পারেন গ্রিক ইয়োগার্ট রায়তা।
শসা-টম্যাটো-পেঁয়াজের রায়তার থেকে খানিক ‘উচ্চস্তরের’ এই রায়তা। কারণ, এটি তৈরি হয় গ্রিক ইয়োগার্ট দিয়ে। তাই ক্রিমের মতো ঘন আর মসৃণ ভাব থাকে। আর তাতে মেশে নানা ধরনের জরুরি পুষ্টি সম্পন্ন বীজ। ফলে ক্যালশিয়াম, ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই-তে ভরপুর এক পেট ঠান্ডা করা খাবার তৈরি হয়। যা শরীরে আর্দ্রতার জোগান যেমন দেয়, তেমনই, হাড়, ত্বক, চুল এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে।
কী ভাবে বানাবেন ওই রায়তা?
উপকরণ: ১ কাপ গ্রিক ইয়োগার্ট
অর্ধেক শসা খুব মিহি করে কুঁচনো
১ টেবিল চামচ তিসির বীজ
১ টেবিল চামচ চিয়ার বীজ
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ পুদিনাপাতা কুচি
আধ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো
প্রয়োজন মতো নুন
২ টিবিল চামচ ঠান্ডা জল
প্রণালী: রায়তা বানানোর বাটি ফ্রিজে ঢুকিয়ে আধ ঘণ্টা ঠান্ডা করে নিন। তার পরে ওতে গ্রিক ইয়োগার্ট দিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন, যত ক্ষণ না একটি মসৃণ ক্রিমের মতো ঘন তরল তৈরি হচ্ছে। এতে কোনও রকম জল কিন্তু মেশাবেন না।
এ বার ওর মধ্যে মেশান কুচনা শসা, ধনেপাতা এবং পুদিনাপাতা। হালকা হাতে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন রোস্ট করা তিসির বীজ এবং চিয়া বীজ। এই সবকিছুই রায়তাকে টেক্সচার দেবে।
এর পরে উপরে ভাজা জিরের গুঁড়ো আর নুন ছড়িয়ে আরও এক বার মিশিয়ে নিন। শেষে যদি রায়তাপ ঘনত্ব কমাতে চান তা হলে অল্প ঠান্ডা জল মেশাতে পারেন।
পরিবেশেনর আগে অবশ্যই ফ্রিজে কিছু ক্ষণ রেখে ঠান্ডা করে নিন। ভাতের কোনও রান্না, গ্রিল করা খাবার কিংবা রোল বা র্যাপ জাতীয় খাবারের সঙ্গে খেতে ভাল লাগবে।