Guava Benefits

প্রাতরাশে শুধু ডিম নয়, পেয়ারা খেলেও ঝটপট ওজন কমবে, ফলটি দিয়ে কী ভাবে সকালের জলখাবার বানাবেন?

ভিটামিন, ফাইবারে সমৃদ্ধ পেয়ারার বহু গুণ। খুবই কম ক্যালোরি রয়েছে পেয়ারায়। এই ফল খেলে দীর্ঘ সময় পেট ভর্তি থাকে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, ওজনও নিয়ন্ত্রিত হয়। পেয়ারা কী ভাবে খেলে ওজন কমবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:৪৮
Share:

পেয়ারা দিয়ে বানিয়ে ফেলুন পুষ্টিকর প্রাতরাশ, শিখে নিন কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

সকালের জলখাবারে প্রোটিন বেশি খেলে ওজন কমবে, এমন বক্তব্য অনেক পুষ্টিবিদেরই। কেউ বলছেন ৩০ গ্রাম প্রোটিন খেতে, কারও বার মত শুধু প্রোটিন নয়, সঙ্গে হালকা কার্বোহাইড্রেটও থাকতে হবে। ওজন কমানোর জন্য এখন নানা রকম ডায়েট মেনে চলার চল হয়েছে। তাদের যেমন বাহারি নাম, তেমনই নানা রকম খাবারের সম্ভার। এই সব ডায়েটে জায়গা করে নিয়েছে বেরি, স্ট্রবেরি, কিউয়ি, অ্যাভোকাডোর মতো দামি ফল। অথচ এই সব ফলের ভিড়ে দেশি পেয়ারা ব্রাত্যই থেকে গিয়েছে। এই ফলটি কিন্তু ওজনও কমাতে পারে।

Advertisement

ভিটামিন, ফাইবারে সমৃদ্ধ পেয়ারার বহু গুণ। খুবই কম ক্যালোরি রয়েছে পেয়ারায়। এই ফল খেলে দীর্ঘ সময় পেট ভর্তি থাকে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, ওজনও নিয়ন্ত্রিত হয়। ডায়াবিটিসের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন পেয়ারা, কারণ ফলটি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে। এখন কথা হল পেয়ারা কী ভাবে খাবেন। পেয়ারা দিয়েও স্বাস্থ্যকর প্রাতরাশ বানানো যায়।

পেয়ারা দিয়ে কেমন জলখাবার বানাবেন?

Advertisement

পেয়ারা ও ওট্‌সের স্মুদি

একটি পাকা পেয়ারা দানা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। এ বার এক কাপের মতো ওট্‌স শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিন। ব্লেন্ডারে পেয়ারার পেস্ট, ওট্‌সের গুঁড়ো ও এক কাপ ফেটানো টক দই দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটির উপরে সামান্য দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। সকালের জলখাবারে এই স্মুদি খেলে ওজন কমবে, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত হবে।

পেয়ারা-পনিরের স্যন্ডউইচ

ব্রাউন ব্রেড, পাতলা করে কাটা পেয়ারা, পনির নিয়ে নিন। দু'টি ব্রাউন ব্রেড নিয়ে একটিতে ভাল করে পিনাট বাটার মাখিয়ে নিন। এ বার ভিতরে পাতলা করে কাটা পেয়ারা ও পনিরের টুকরো দিয়ে নুন-গোলমরিচ ছড়িয়ে দিন। উপরে আর এক পিস পাউরুটি চাপিয়ে হালকা করে সেঁকে নিন। এই স্যান্ডউইচ খেতে ভাল, পুষ্টিগুণেও সমৃদ্ধ।

পেয়ারার স্যালাড

একটি পাকা পেয়ারা ছোট ছোট টুকরো করে কেটে নিন। তার সঙ্গে শসা, ক্যাপসিকাম দিয়ে স্যালাড বানান। এক চিমটে সৈন্ধব লবণ ও অর্ধেকটা পাতিলেবুর রস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্যালাড। খেতেও সুস্বাদু এবং ওজনও কমবে। ডায়াবিটিসের রোগীরা এই স্যালাড খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement