Neha Dhupia Drink for BP

নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন নেহা! জনপ্রিয় পানীয়ে চুমুক দিতেই স্বাভাবিক হল প্রেশার, কী সেটি

এ দেশে বহু দিন ধরেই এটি গরমের জনপ্রিয় পানীয়। এতে প্রাকৃতিক চিনি, কিছু খনিজ এবং প্রচুর জল থাকে। কোন পানীয়ের কথা বলছেন নেহা ধূপিয়া?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৩:২০
Share:

নেহা ধূপিয়ার ঘরোয়া টোটকা। ছবি: সংগৃহীত।

গরমের সময়ে রাস্তার মোড়ে বা ঘরে ঘরে খাওয়া হয় জনপ্রিয় পানীয়। আর তার প্রভাবেই না কি নিম্ন রক্তচাপের সমস্যা থেকে সেরে উঠেছেন অভিনেত্রী নেহা ধূপিয়া। পানীয়তে চুমুক দেওয়ার আগে এবং পরে রক্তচাপ মেপে দেখালেন তিনি। সমাজমাধ্যমের ভিডিয়োয় তিনি বলছেন, তাঁর রক্তচাপ নেমে গিয়ে দাঁড়িয়েছিল ১১০/৬৯-এ। তাঁর দাবি, এর পর এক গ্লাস আখের রস খেতেই রক্তচাপ কিছুটা বাড়ে। সেই থেকেই প্রশ্ন উঠেছে, ব্লাড প্রেশার নেমে গেলে কি আখের রস উপকারী?

Advertisement

গরমের জনপ্রিয় পানীয় আখের রস। ছবি: সংগৃহীত

আখের রস এ দেশে বহু দিন ধরেই গরমের জনপ্রিয় পানীয়। এতে প্রাকৃতিক চিনি, কিছু খনিজ এবং প্রচুর জল থাকে। ফলে ক্লান্তি বা গরমে জলশূন্যতা দেখা দিলে এটি দ্রুত শক্তি জোগাতে পারে। বিশেষ করে দীর্ঘ ক্ষণ রোদে থাকা, কম জল পান করা বা অনেক ক্ষণ না খেয়ে থাকার কারণে যদি দুর্বলতা আসে, তখন আখের রস সাময়িক স্বস্তি দিতে পারে। তবে চিকিৎসকদের মতে, আখের রস সরাসরি রক্তচাপ বাড়ানোর কোনও ওষুধ নয়। এতে এমন কোনও বিশেষ উপাদান নেই যা দ্রুত রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। বরং এটি শরীরে জল এবং প্রাকৃতিক শর্করার জোগান দেয়, যার ফলে অনেকের ক্ষেত্রে দুর্বলতা বা মাথা ঘোরার উপসর্গ কমে যেতে পারে। ফলে তাঁরা মনে করেন, রক্তচাপ বেড়ে গিয়েছে।

নিম্ন রক্তচাপের নেপথ্যে নানা কারণ থাকতে পারে। অতিরিক্ত গরমে জলশূন্যতা, দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকা, কিছু ওষুধের প্রভাব, রক্তাল্পতা, হরমোনজনিত সমস্যা বা অন্য কোনও শারীরিক অসুস্থতাও এর কারণ হতে পারে। তাই বার বার রক্তচাপ কমে গেলে শুধু আখের রসের উপর নির্ভর করা উচিত নয়। চিকিৎসকদের মতে, নিম্ন রক্তচাপের সঙ্গে যদি অজ্ঞান হয়ে যাওয়া, বুকে ব্যথা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট বা দীর্ঘস্থায়ী দুর্বলতার মতো লক্ষণ থাকে, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সে ক্ষেত্রে সমস্যার মূল কারণ খুঁজে বার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisement

নিম্ন রক্তচাপ হলে কী করা উচিত?

• প্রথমে বসে বা শুয়ে পড়ুন, যাতে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি না থাকে।

• পর্যাপ্ত জল পান করুন।

• জলশূন্যতা থাকলে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস খাওয়া যেতে পারে।

• অনেক ক্ষণ না খেয়ে থাকলে হালকা পুষ্টিকর খাবার খান।

• লক্ষণ গুরুতর হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement