চোয়ালে ব্যথার কারণ কী? ছবি: সংগৃহীত।
চোয়ালে ব্যথা মানেই দাঁতের সমস্যা। আর বমি বমি ভাব? নির্ঘাত অম্বলের সমস্যা। এ ভাবেই লক্ষণ চিনতে না পেরে দেরি করে ফেলেন অনেকে। অথচ এই দুই উপসর্গ একসঙ্গে এবং হঠাৎ দেখা দিলে সতর্ক হয়ে যাওয়া উচিত। কারণ এর সঙ্গে দাঁত বা অম্বলের নয়, রয়েছে হার্টের সম্পর্ক।
হার্ট অ্যাটাক মানেই বুকে তীব্র যন্ত্রণা— এমন ধারণা মনে জাঁকিয়ে বসে রয়েছে বলেই বহু রোগী ও তাঁদের পরিবার ভুলে করে বসেন। আসলে সব ক্ষেত্রে একই ছবি দেখা না-ও যেতে পারে। অনেকের ক্ষেত্রে উপসর্গ বেশ সূক্ষ্ম হতে পারে। যেমন, চোয়ালে ব্যথা, বমি-বমি ভাব, অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অস্বাভাবিক ক্লান্তি বা বুকের মধ্যে অস্বস্তি।
হৃদ্রোগের ঝুঁকির লক্ষণ। ছবি: সংগৃহীত
চোয়ালের ব্যথার সঙ্গে হৃদ্যন্ত্রের সম্পর্ক কোথায়?
চিকিৎসাবিজ্ঞানে একটি ধারণা রয়েছে, যাকে বলা হয় ‘রেফার্ড পেইন’। অর্থাৎ ব্যথার উৎস এক জায়গায় হলেও শরীর অন্য জায়গায় সেই ব্যথার অনুভূতি তৈরি করতে পারে। হার্ট, ঘাড়, চোয়াল, কাঁধ ও হাতের কিছু স্নায়ুর পথ পরস্পরের সঙ্গে যুক্ত। ফলে হৃদ্যন্ত্রে রক্ত চলাচলে সমস্যা হলে মস্তিষ্ক কখনওসখনও সেই সঙ্কেতকে অন্য কোনও সমস্যা বলে ধরে নিতে পারে। ফলে অন্যত্র তার উপসর্গ দেখা যায়। তাই চোয়ালের ব্যথার সঙ্গে যদি বমি-বমি ভাব, ঘাম, শ্বাসকষ্ট বা বুকে অস্বস্তিও হতে থাকে, তা হলে দ্রুত সতর্ক হওয়া জরুরি।
তবে প্রতি বার চোয়ালে ব্যথা হলেই আতঙ্কে ভোগার কারণ নেই। যদি হঠাৎ শুরু হয়, বা তার সঙ্গে অন্যান্য উপসর্গ দেখা দেয়, তা হলেই সতর্ক হতে হবে। অন্য দিকে হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গকে মানুষ অম্বল বা গ্যাসের সমস্যা ভেবে ভুল করেন। অম্বলে সাধারণত বুক জ্বালা হয়, ঢেকুর ওঠে বা টক টক স্বাদ থাকে মুখে। কিন্তু হার্টের সমস্যা হলে বুকে চাপ ব্যথা, ভারী লাগা বা অকারণ অস্বস্তিও হতে পারে। এর সঙ্গে ঘাম, বমি-বমি ভাব বা শ্বাসকষ্টও দেখা দিতে পারে। এই সমস্ত মিলে গেলে দেরি না করে আপৎকালীন পরিষেবার সাহায্য নেওয়া উচিত। শারীরিক পরিশ্রম বন্ধ করে বিশ্রাম করুন বা শুয়ে পড়ুন এবং দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।