Medicine Price

৩০টি প্রয়োজনীয় ওষুধের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র! তালিকায় রয়েছে ডায়াবেটিস, হৃদ্‌রোগ সংক্রান্ত ওষুধও

বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার নামোল্লেখ করে সেই সংস্থার তৈরি ওষুধের খুচরোমূল্য বেধে দেওয়া হয়েছে। তবে সংস্থাগুলি এই মূল্যের সঙ্গে প্রয়োজনীয় জিএসটি নিতে পারবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৮:২৩
Share:

— প্রতীকী চিত্র।

বাজারে ৩০টি ওষুধের খুচরোমূল্য বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। তালিকায় রয়েছে হৃদ্‌রোগের ওষুধ থেকে অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিসের ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট-সহ বিভিন্ন ওষুধ। রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনস্থ ওষুধ বিভাগ থেকে সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার নামোল্লেখ করে সেই সংস্থার তৈরি ওষুধের খুচরোমূল্য বেধে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ফার্মা সিন্থ ফর্মুলেশন্‌স’-এর তৈরি কোলেক্যালসিফেরল ওরাল সলিউশন (৬০,০০০ আইইউ)-এর প্রতি মিলিলিটারের দাম ধার্য করা হয়েছে ১৫.৮৮ টাকা। একই রকম ভাবে তিরুপতি মেডিকেয়ারের তৈরি ভিটামিন ডি৩ ওরাল সলিউশন (৬০,০০০ আইইউ)-এর প্রতি মিলিলিটারের দাম ধার্য করা হয়েছে ১৪.৯১ টাকা। ভিটামিন ডি৩-এর ওষুধের পাশাপাশি এনপিপিএ ক্যালশিয়াম, মিথাইলকোবালামিন, এল-মিথাইলফোলেট ক্যালশিয়াম এবং পাইরিডক্সাল-৫ যুক্ত ওষুধগুলিরও দাম বেঁধে দিয়েছে। এই ওষুধগুলি সাধারণত হাড়ের ক্ষয় রোধ, ভিটামিনের অভাব এবং স্নায়ুর সমস্যার জন্য দেওয়া হয়ে থাকে।

পাশাপাশি শরীরে লিপিড ঠিক রাখতে ব্যবহৃত অ্যাটরভাস্ট্যাটিন এবং ফেনোফাইব্রেট ট্যাবলেটের প্রতিটির দাম ১৮.৪৬ টাকা স্থির করে দেওয়া হয়েছে। অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত বিলাস্টিন ও মন্টেলুকাস্ট ট্যাবলেটের প্রতিটির দাম ২১.২২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। রক্তচাপ এবং হৃদ্‌রোগের সমস্যায় ব্যবহৃত বিসোপ্রোলল ফিউমারেট ও অ্যামলোডিপাইন ট্যাবলেটেরও প্রতিটির দাম ৯.৪০ টাকা স্থির করা হয়েছে। এ ছাড়া ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত এমপাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এবং মেটফর্মিন এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেটের খুচরামূল্য প্রতি ট্যাবলেটের ক্ষেত্রে ১৪.৮৮ টাকা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দামের সঙ্গে জিএসটি যোগ করা নেই। সংস্থাগুলি যদি জিএসটির আওতায় থাকে, তবে সংশ্লিষ্ট সংস্থা এই সর্বোচ্চ মূল্যের সঙ্গে প্রয়োজনীয় জিএসটি নিতে পারবে। এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে আইনানুগ পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement