Nick Jonas Health Drink

সবুজ জলে চুমুক দিয়ে দিন শুরু করেন প্রিয়ঙ্কার স্বামী, নিকের সেই গ্লাসে কী কী থাকে

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফি নয়, বিশেষ এক পানীয়ে চুমুক দেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাস। যা তাঁর স্বাস্থ্যরক্ষার পাশাপাশি ত্বকের যত্নও নিতে পারে। কী থাকে তাতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:০৪
Share:

প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। ছবি: সংগৃহীত।

রূপচর্চা নিয়ে অত্যন্ত সচেতন সঙ্গীতশিল্পী নিক জোনাস। রোজ ১০ ধাপে ত্বকচর্চা করেন তিনি। পাশাপাশি, স্বাস্থ্যরক্ষার জন্যও সময় বার করেন। কখনও সেটে পারফর্ম্যান্স, কখনও বা মঞ্চে দাপিয়ে বেড়ানো। শরীরে শক্তি জোগানোর জন্য তাই স্বাস্থ্যসচেতন থাকাটাও একই ভাবে গুরুত্বপূর্ণ। আর তাই প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী দিনের শুরুতেই একটি অভ্যাস রপ্ত করে ফেলেছেন।

Advertisement

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বা কফি নয়, বরং সেলেরি এবং লেবুর রস পান করে দিন শুরু করেন গায়ক নিক জোনাস। গায়কের কথায়, ‘‘সকালে উঠেই আমি এই সুন্দর সবুজ জ্যুস পান করি। এতে রয়েছে সেলেরি এবং অল্প লেবুর রস। এটি খাবার হজম করতে সাহায্য করে, পেট ভাল রাখে এবং শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়।’’

নিক জোনাসের সবুজ পানীয়। ছবি: ইনস্টাগ্রাম

সেলেরি ও লেবুর রসের উপকারিতা

Advertisement

সেলেরি একটি সবুজ কাণ্ডজাতীয় সব্জি। এর মধ্যে জলীয় অংশের পরিমাণ অনেক বেশি। তাই শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি এতে কিছু ভিটামিন, খনিজ এবং ফাইবারও পাওয়া যায়। ফলে হজমক্ষমতা বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। ক্যালোরির পরিমাণ কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণের জন্যও খুব কার্যকরী সেলেরি। এতে এমন কিছু অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা শরীরকে ফ্রি র‌্যাডিকালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেও সাহায্য করে।

ও দিকে ভিটামিন সি-তে ভরপুর লেবুর রস ত্বকের জন্য যেমন ভাল, তেমনই শরীরের জন্যও। রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে লেবুর রস। পাশাপাশি, শরীরে কোলাজেন উৎপাদন ত্বরান্বিত করতে পারে। এর ফলে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার গতি ধীর হতে পারে। শরীরে আয়রন শোষণ করার ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি। তা ছাড়া, কেবল সেলেরি বেটে পানীয় হিসাবে খেতে ভাল না লাগলে, লেবুর রস তার স্বাদবৃদ্ধি করতে পারে।

ফলে এই দুই উপাদান দিয়ে সহজেই এক গ্লাস পানীয় বানিয়ে খেলে একাধিক পুষ্টিগুণ পৌঁছোবে শরীরে। যদিও সেলেরি সব বাজারে সহজলভ্য নয়, তবে আজকাল অনলাইনে বাজার করার সুযোগ আসার পর সেলেরিও সহজেই পাওয়া যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement