Sindhi Kadhi Recipe

রণবীরের পছন্দ সিন্ধি কারি, প্রোটিন ও ভিটামিনে ভরপুর খাবারটি কাদের জন্য বেশি উপকারী?

ওজন কমানোর চেষ্টা করছেন যাঁরা অথবা সুগারের জন্য ভালমন্দ খেতে পারছেন না, তাঁদের জন্য খুবই উপকারী সিন্ধি কারি। সুস্বাদু খাবারটি পুষ্টিগুণে ভরপুর। কী ভাবে রান্না করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩
Share:

পুষ্টিগুণে ভরপুর, ওজনও কমাবে, কী ভাবে রাঁধবেন সিন্ধি কারি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রণবীর সিংহের ফিটনেস বি-টাউনে যথেষ্ট আলোচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীর ডিটক্স করতে বিভিন্ন রকম পানীয় খান রণবীর। কড়া ডায়েটও মানেন। তবে তিনি ভোজনরসিক। নানা সাক্ষাৎকারে জানিয়েছেন, সুযোগ পেলেই মায়ের হাতের তৈরি সিন্ধি কারি খেতে পছন্দ করেন। এই খাবার যেমন পুষ্টিকর, তেমন মুখরোচকও বটে।

Advertisement

রণবীরের সবচেয়ে পছন্দ সিন্ধি খাবার। তাঁর প্রিয় সিন্ধি খাবার ভাত, বুন্দি ও সিন্ধি তরকারি এবং আরবি টুক। সিন্ধি কারির গুণাগুণের কথা এক সময়ে জানিয়েছিলেন সোনাক্ষী সিংহও। তিনিও জানিয়েছিলেন, তাঁর পছন্দের খাবার সিন্ধি কারি। প্রোটিন, ফাইবার ও ভিটামিনে ভরপুর খাবারটি নানা রকম মরসুমি সব্জি দিয়ে রাঁধা হয়। তাই একাধারে এর থেকে উদ্ভিজ্জ প্রোটিন ভরপুর মাত্রায় পাওয়া যায়, আবার কার্বোহাইড্রেটও মেলে। ঢেঁড়স, সজনে ডাঁটা, গাজর, শিম আলুর মতো সব্জি ব্যবহার করা হয় কারি রাঁধতে। এর থেকে ভিটামিন এ, সি ও পটাশিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তা ছাড়া খাবারটি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রদাহজনিত সমস্যাও কমায়।

কী ভাবে রাঁধবেন সিন্ধি কারি?

Advertisement

উপকরণ

২ কাপ বেসন

২-৩ চামচ তেঁতুরের ক্বাথ

মরসুমি নানা সব্জি- ঢেঁড়স, আলু, সজনে ডাঁটা, গাজর, ফুলকপি, কড়াইশুঁড়ি ইত্যাদি

ফোড়নের জন্য

মেথি, জিরে, গোটা সর্ষে, কারিপাতা, হিং, গোলমরিচ, শুকনো লঙ্কা

মশলার জন্য

আদাবাটা, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

প্রণালী

সমস্ত সব্জি ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে সামান্য তেল দিয়ে গোটা সর্ষে, মেথি, হিং ফোড়ন দিন। তাতে বেসন দিয়ে নাড়তে থাকুন। আঁচ কমিয়ে ভাজতে হবে যাতে বেসন পুড়ে না যায়। সুন্দর গন্ধ বার হলে অল্প জল দিয়ে আবারও নাড়ুন। বেসন নাড়তে নাড়তেই তার রং বদলাবে। এর পর তাতে মেশান টম্যাটো বাটা। স্বাদমতো নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো দিয়ে আগে থেকে ভেজে রাখা সব্জিগুলি দিয়ে দিন। ঢেঁড়স একটু পরে দেবেন। এ বার ঢেকে রান্না করুন। সব্জি সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা ঢেঁড়স দিয়ে দিন। এর সঙ্গেই দিন তেঁতুলের ক্বাথ। এ বার অন্য একটি প্যানে তেল গরম করে তাতে জিরে, কারিপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। হালকা নেড়ে সেটি মিশিয়ে দিন কারিতে। ভাল করে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নামিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement