Mind Calming Excercise

বড় কাজে যাওয়ার আগে মাথা ঠান্ডা করার উপায় আছে শিল্পা শেট্টীর কাছে, তা কতটা কাজের?

বাড়ি থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে ঢোকার পরেও ভাবনার ক্ষেত্র জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে টুকরো টুকরো পারিবারিক, সামাজিক ও আরও নানা রকম বিষয়। ফলে কাজে মন বসানো মুশকিল হয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:১১
Share:

শিল্পা শেট্টী। ছবি: সংগৃহীত।

কোনও বড় কাজ বা গুরুত্বপূর্ণ কাজের আগে মনকে শান্ত করা জরুরি। তাতে কাজ ভাল হয়। কিন্তু দিবারাত্র চারপাশে যত রকম ঘটনা ঘটে, সে সব সামলে মন শান্ত করবেন কী ভাবে?

Advertisement

সমস্যার জটিল আবর্তে পড়ে মন অশান্ত হওয়াই স্বাভাবিক ব্যাপার। সেই সমস্যায় ভোগেনও অনেকে। বাড়ি থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে ঢোকার পরেও ভাবনার ক্ষেত্র জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে টুকরো টুকরো পারিবারিক, সামাজিক ও আরও নানা রকম বিষয়। ফলে কাজে মন বসানো মুশকিল হয়ে পড়ে। জানা জিনিসেও ভুল হয়ে যায়। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টী জানিয়েছেন, তিনিও ওই সমস্যায় ভোগেন। তবে তাঁর কাছে সমাধানের একটি উপায়ও রয়েছে। যা প্রতি বার কাজে লাগে।

কাজের আগে মন শান্ত করার জন্য সেই উপায় জানিয়েওছেন শিল্পা। ইনস্টাগ্রামে একটি স্টোরি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ঝকঝকে পোশাক পরে সেটের বাইরে দাঁড়িয়ে প্রাণায়াম করছেন অভিনেত্রী।

Advertisement

এক হাতে ব্যাটারিচালিত হাতপাখা নিয়ে দাঁড়িয়ে অন্য হাতে নাক চেপে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ় করছেন শিল্পা। চোখ সম্পূর্ণ বোজা। বোঝাই যাচ্ছে, সব রকম অমনোযোগ, বিক্ষিপ্ত ভাবনাচিন্তাকে দূরে সরিয়ে রেখে শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিবরণে শিল্পা লিখেছেন, ‘‘কাজের আগে নিজেকে শান্ত করার গোপন চাবিকাঠি।’’

শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামে যে মন শান্ত থাকে, তা বহু বার বলেছেন ফিটনেস প্রশিক্ষক, এমনকি মনোবিদেরাও। ফিটনেস প্রশিক্ষক অনুপ আচার্যের মতে, ‘‘শ্বাস-প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে, যা রোজ করলে ভাল। কোনও কারণে মন অশান্ত থাকলে, তা নিমেষে শান্ত হয়ে যাবে।’’ মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায়ের মত, ‘‘মন অশান্ত থাকলে নিঃশ্বাস-প্রশ্বাসে মনোযোগ দিলে কাজ হয়, যাকে বলে ‘মাইন্ডফুল ব্রিদিং’। খুব অশান্ত অবস্থায় থেকে মনকে শান্ত করতে চাইলে মাইন্ডফুল ব্রিদিং করতে করতে নিজেকে বলতে হবে শান্ত হও।’’ অর্থাৎ শিল্পার পদ্ধতিটির কার্যকারিতা মানছেন শরীর এবং মনোবিদ্যা চর্চাকারীরাও। ভবিষ্যতে মন শান্ত করতে এক বার এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement