কাজুবাদাম কি কোলেস্টেরল বাড়িয়ে দেয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অনিয়ন্ত্রিত জীবনধারা, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং শরীরচর্চার অভাবে হার্টের সমস্যা এখন ঘরে ঘরে। উচ্চ রক্তচাপ, রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল— এ সব যেন মানুষের নিত্যসঙ্গী। এর থেকে মুক্তি পেতে ওষুধ তো আছেই। কিন্তু এক বার ওষুধ খাওয়া শুরু করলে, সেই অভ্যাস বন্ধ করা মুশকিল। শুধু ওষুধ নয়, হার্টের রোগীদের ডায়েটের দিকেও নজর রাখা ভীষণ জরুরি। হার্টের শত্রু হল কোলেস্টেরল। তাই কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে এমন কোনও খাবারই হৃদ্রোগীদের ডায়েটে থাকা উচিত নয়। অনেকেই আছেন যাঁরা চিনেবাদাম, কাঠবাদাম, নারকেলকে হার্টের শত্রু ভেবে ডায়েটের তালিকা থেকে বাদ দিয়ে দেন। কিন্তু আদৌ কি তারা হার্টের শত্রু? কী মত পুষ্টিবিদের?
কাজু-বাদাম, নারকেল মোটেও হার্টের শত্রু নয়! এমনটাই মত করিনা কপূর খান ও আলিয়া ভট্টের পুষ্টিবিদ রুজুতা দিবেকরের। তিনি বলেন, ‘‘কাজুবাদাম, নারকেলে কোলেস্টেরল থাকে না। তাই এই খাবারগুলি নিশ্চিন্তে খাওয়া যায়। এগুলি উদ্ভিজ্জ ফ্যাটের ভাল উৎস। খিদে পেলে একমুঠো বাদাম, কাঠবাদাম খাওয়া যেতেই পারে। রান্নায় নারকেল ব্যবহারেও ভয়ের কিছু নেই। কাজুবাদাম, নারকেল আপনার ধমনী ও রক্তনালিকাগুলির ভিতরে রক্ত জমাট বাঁধায় না।’
পুষ্টিবিদ রুজুতার মতে, রোজের জীবন থেকে কিছু বাদ দিতে হলে সবার আগে মদ্যপান বন্ধ করতে হবে। অনেকেই বলেন, তাঁরা রোজ নয়, মাঝেমধ্যে খান। তবে জেনে রাখুন যে কোনও প্রকার অ্যালকোহল, যে কোনও মাত্রায় শরীরে গেলেই তার ক্ষতিকর প্রভাব দেখা দেবে শরীরে। অ্যালকোহল শিরা, ধমনী, হৃদ্যন্ত্র, মস্তিষ্ক, সবার জন্যই খারাপ।