Photokeratitis Remedies

চড়া রোদে বেশি ক্ষণ থাকলে হতে পারে ফোটোকেরাটাইটিস, কী এই রোগ? গরমের সময়ে সাবধান

চড়া রোদে বেশি ক্ষণ থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি যতখানি, তার চেয়েও বড় সমস্যা হত পারে চোখে। রোদ থেকে ফিরে অনেকেরই চোখে চুলকানি হয়, চোখ লাল হয়ে ফুলে ওঠে। একে সাধারণ সমস্যা মনে করলে ভুল হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৪:৫৮
Share:

প্রচণ্ড রোদ থেকে হতে পারে ফোটোকেরাটাইটিস, কী এই সমস্যা? ছবি: ফ্রিপিক।

গরম পড়ে গিয়েছে। বেলা গড়ালেই কাঠফাটা রোদ। এমন সময়ে রাস্তায় বেরোলে ছাতা ব্যবহার করার পরামর্শই দেওয়া হয়। চড়া রোদে বেশি ক্ষণ বাইরে থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি যতটা না বাড়বে, তার চেয়ে বড় সমস্যা হতে পারে চোখে। সূর্যের আলো যে রেটিনাকেই নষ্ট করে দিতে পারে, এ কথা অনেকে ভাবতেও পারেন না। সূর্যের রশ্মি থেকে চোখের যে অসুখ হয় তার নাম ফোটোকেরাটাইটিস। কী ভাবে এর থেকে সাবধান থাকবেন?

Advertisement

বৈশাখ-জ্যৈষ্ঠের এই সময়ে সূর্যের রশ্মি তীব্র ভাবে হানা দেয়। শীতের তেরছা আলোর সঙ্গে এই আলোর তীব্রতার পার্থক্য রয়েছে। তাপের তারতম্যই শুধু নয়, চড়া রোদ সরাসরি চোখে পড়লে সূর্যের অতিবেগনি রশ্মি রেটিনার ক্ষতি করতে পারে। গরমকালে অতিবেগনি রশ্মির বিকিরণ কয়েক গুণ বেড়ে যায়। তা থেকে চোখের জটিল সমস্যা দেখা দিতে পারে।

অতিবেগনি রশ্মির বিকিরণ তিন ধরনের— ইউভি-এ, ইউভি-বি এবং ইউভি-সি। এর মধ্যে ইউভি-এ ও ইউভি-বি চোখের উপরিতলের কোষ-সহ কর্নিয়া ও লেন্সের ক্ষতি করতে পারে। অল্প সময়ে বেশি মাত্রায় অতিবেগনি রশ্মি চোখে পড়লে রেটিনায় ক্ষত হতে পারে। এর থেকে সোলার রেটিনোপ্যাথির সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তী সময়ে ‘ফোটোকেরাটাইটিস’-এর কারণ হয়ে উঠতে পারে। এই সমস্যা হলে দৃষ্টি ঝাপসা হতে থাকে, দৃষ্টিশক্তি চলেও যেতে পারে।

Advertisement

লক্ষণ চিনে সতর্ক হন

রোদ থেকে ফিরেই যদি চোখ লাল হয়ে যায়, চোখের পাতা ভারী লাগে এবং অনবরত চোখে চুলকানি হতে থাকে, তা হলে সতর্ক হতে হবে। চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকবে, মনে হবে চোখে বালি বা ওই জাতীয় কিছু ঢুকে গিয়েছে। চোখ কড়কড় করবে। বার বার চোখে জলের ঝাপটা দিয়েও যদি দেখা যায় চোখ ফুলে উঠেছে এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

Advertisement

গরমের দিনে চোখ বাঁচাতে কী কী করবেন?

দুপুরের দিকে রাস্তায় বেরোলে সানগ্লাস পরা ভাল। না হলে ছাতা ব্যবহার করুন। চড়া রোদ যেন সরাসরি চোখে না পড়ে।

দিনে তিন থেকে চার বার চোখে জলের ঝাপটা দিন। রোদ থেকে ফিরে চোখে জলের ঝাপটা দিতেই হবে।

চোখ ফুলে গেলে ঠান্ডা ভেজা কাপড় দিয়ে চোখের উপরের পাতায় সেঁক দিতে পারেন, এতে চোখের আরাম হবে।

গরমের সময়ে শরীর জলশূন্য হয়ে পড়লে তার প্রভাব পড়ে চোখেও। তাই এই সময়ে পর্যাপ্ত জল পান করতে হবে ও তরল খাবার খেতে হবে।

চোখে অস্বস্তি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে লুব্রিকেটিং আইড্রপ দিতে পারেন, তবে স্টেরয়েড জাতীয় কোনও ড্রপ ব্যবহার করবেন না।

গরমে লেন্স ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। রোদে বেরোলে ও দীর্ঘ সময়ে বাইরে থাকতে হলে কনট্যাক্ট লেন্স না ব্যবহার করাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement