HPV Vaccine for Men

এইচপিভি টিকা কেবল মহিলাদের জন্য নয়, নিতে পারেন পুরুষেরাও, কী কী ক্যানসার প্রতিরোধ করবে?

এইচপিভি টিকা কেবল মহিলাদের জন্য, এ ধারণা ভুল। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এই টিকা এখন দেশে দেওয়া হচ্ছে। তবে গবেষকেরা বলছেন, এইচপিভি প্রতিষেধক পুরুষদেরও নেওয়া জরুরি। পুরুষের শরীরে বিশেষ কয়েক ধরনের ক্যানসার প্রতিরোধ করতে পারে এই টিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৪১
Share:

এইচপিভি টিকা পুরুষদের কী কী ক্যানসার প্রতিরোধ করতে পারবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

মহিলাদের জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় এইচপিভি টিকা নিয়ে এখন আলোচনা হচ্ছে। দেশে এই টিকা দেওয়া শুরু হয়েছে মহিলাদের। দীর্ঘ সময় ধরে এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধী টিকাকে কেবল মহিলাদের জরায়ু ক্যানসার প্রতিরোধের হাতিয়ার হিসেবে দেখা হত। কিন্তু এই ধারণা এখন বদলেছে। সাম্প্রতিক কিছু গবেষণা জানাচ্ছে, এইচপিভি টিকা কেবল মহিলাদের নয়, পুরুষদের জন্যও জরুরি। টিকাটি নেওয়া থাকলে পুরুষদের শরীরে বেশ কয়েক ধরনের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হবে।

Advertisement

এইচপিভি টিকা পুরুষদের জন্য কেন জরুরি, সে বিষয়ে ‘জামা অনকোলজি’ নামক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে সবিস্তারে লেখা হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, যৌন রোগের কারণে যে ধরনের ক্যানসার ছড়াতে পারে, তা প্রতিরোধ করতে পারে এইচপিভি টিকা। সমীক্ষায় দেখা গিয়েছে, যে সব কিশোর ও যুবক টিকাটি নিয়েছেন তাঁদের শরীরে ক্যানসারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে।

পুরুষদের কী কী ক্যানসার প্রতিরোধ করতে পারে এইচপিভি টিকা?

Advertisement

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ত্বকের সংস্পর্শ বা ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। বেশির ভাগ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসকে ধ্বংস করে দিলেও, কিছু ক্ষেত্রে ভাইরাসের অংশবিশেষ শরীরে বছরের পর বছর থেকে যায় এবং জিনগত ভাবে পরিবর্তিত হয়ে ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে। টিকা নেওয়া থাকলে, সে ঝুঁকি অনেকটাই কমবে।

গবেষণায় দেখা গিয়েছে, পুরুষদের গলা, মুখ ও টনসিলের ক্যানসার প্রতিরোধ করতে পারবে এইচপিভি টিকা। বর্তমানে ধূমপানের চেয়েও এইচপিভি সংক্রমণকে এই ক্যানসারের প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। গলার ক্যানসারের প্রায় প্রায় ৭০ শতাংশের জন্য এই ভাইরাস দায়ী।

Advertisement

ন্যাশনাল ক্যানসার সেন্টারের গবেষণায় দাবি করা হয়েছে, পুরুষের মলদ্বারের ক্যানসারের কারণও হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কাজেই এইচপিভি টিকা নেওয়া থাকলে এই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

পেনাইল বা পুরুষাঙ্গের ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে এইচপিভি টিকা। পুরুষাঙ্গের ক্যানসারের অন্যতম প্রধান কারণ হল এইচপিভি ভাইরাসের ১৬ এবং ১৮ নম্বর স্ট্রেন। টিকা নেওয়া থাকলে ক্যানসারের ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে যাবে।

পুরুষেরা কী কী ডোজ়ে এই টিকা নিতে পারেন?

পুরুষদের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে এই টিকার ডোজ নির্ধারিত হয়। সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সে টিকা নিলে তার দু’টি ডোজ় নিতে হবে। প্রথম ডোজ়ের ৬ মাস পর দ্বিতীয় ডোজ়টি দেওয়া হবে।

১৫ থেকে ২৬ বছর বয়স অবধি বা কখনও ৪৫ বছর বয়স অবধিও টিকা নেওয়া যাবে। যদি প্রথম ডোজ় ১৫ বছর বা তার পরে শুরু হয়, তবে টিকার মোট ৩টি ডোজ় নিতে হবে।

তবে পুরুষেরা এইচপিভি টিকা নিতে চাইলে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাদের জন্য এই টিকা বেশি জরুরি, তা নির্ধারণের পরেই ডোজ় নেওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement