ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
সহকর্মীদের ষড়যন্ত্র থেকে শুরু করে কাজের চাপ, কর্মক্ষেত্রে সমস্যার শেষ নেই। পেশাজীবনে কমবেশি সকলকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ভুল মানুষমাত্রেই হয় বা কাজ করলে ভুল হওয়া স্বাভাবিক, লোকমুখে এই প্রকার নানা কথা ঘুরে বেড়ালেও, কাজের জায়গায় ভুল করলে রেহাই পাওয়া যায় না। আর কিছু না হোক, বসের মুখঝামটা শুনতেই হয়। তবে ভুল কাজ করলে যে পরিমাণ তিরস্কার কপালে জোটে, ভাল কাজ করলে কিন্তু সব সময় তার যোগ্য সম্মান পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করার পরও সফলতা অধরা থেকে যায়। অগ্রগতি হয় না। পদোন্নতির স্বপ্ন বাস্তবের রূপ পায় না। এ ক্ষেত্রে বাধা হতে পারে কর্মক্ষেত্রের নেতিবাচকতা। কাজের জায়গায় যদি কিছু জিনিস রাখা যা, তা হলে অগ্রগতির পথ প্রশস্ত হবে। কোন জিনিসগুলি রাখবেন, জেনে নিন।
কর্মক্ষেত্রে উন্নতির জন্য কোন জিনিসগুলি রাখবেন?
ক্রিস্টালের গাছ: বাজারে রকমারি ক্রিস্টালের তৈরি গাছ কিনতে পাওয়া যায়। সেগুলি দেখতে যেমন সুন্দর হয়, তাদের গুণাগুণও তেমন ভাল। এটি বাস্তুর কল্যাণে কাজে আসে। অফিসের বাস্তু এই গাছের প্রভাবে শুভ হয়। অর্থ আগমনের পথ সুপ্রশস্ত করে ক্রিস্টালের তৈরি গাছ। আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে উত্তর বা উত্তর-পূর্ব দিকে এই গাছ রাখা যেতে পারে।
লাফিং বুদ্ধ: কর্মক্ষেত্রে লাফিং বুদ্ধের মূর্তি রাখাও অত্যন্ত শুভ। এই মূর্তিকে আনন্দ ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। কর্মক্ষেত্রে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে আয়বৃদ্ধি ঘটে। কর্মক্ষেত্রের নেতিবাচকতা কেটে গিয়ে পরিবেশ হালকা থাকে। কাজের চাপ মাথায় চড়ে বসতে পারে না। সময়ের কাজ সময়ে করে ফেলা যায়। শান্তি বজায় থাকে।
গাছ: জীবনে শুভ শক্তির সঞ্চার ঘটাতে কার্যকরী নানা গাছ। জ়েড, মানিপ্ল্যান্ট, লাকি বাম্বু প্রভৃতি গাছ কাজের জায়গায় রাখতে পারেন। সবুজ যেমন মন শান্ত করবে তেমনই সফলতা প্রাপ্তিতেও সাহায্য করবে। এর ফলে জীবনে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। পেশাজীবনে এগিয়ে যেতে পারবেন।