Inauspicious Signs of Vastu

শুভ কাজে বার বার বাধা, পরিবারে নিত্য অশান্তি! কুলদেবতার রোষে পড়েননি তো? কী কী লক্ষণ দেখে বুঝবেন?

কুলদেবতা রুষ্ট হলে বা মুখ ফিরিয়ে নিলে পরিবারে কিছু নেতিবাচক লক্ষণ দেখা দিতে শুরু করে। যদিও বহু ক্ষেত্রে এগুলি পরিস্থিতির উপর নির্ভর করলেও কিছু লক্ষণ থেকে বোঝা যায় যে, কুলদেবতা রুষ্ট হয়েছেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:১৯
Share:

ছবি: সংগৃহীত।

সনাতন ধর্মে কুলদেবতাকে পরিবারের রক্ষাকর্তা বলে মনে করা হয়। বছরের পর বছর ধরে পরিবারের সদস্যদের বিপদ থেকে রক্ষা করেন এবং সঠিক পথে চালনা করেন তিনি। লোকবিশ্বাস এবং বিভিন্ন শাস্ত্রীয় মতানুসারে, কুলদেবতা রুষ্ট হলে বা মুখ ফিরিয়ে নিলে পরিবারে কিছু নেতিবাচক লক্ষণ দেখা দিতে শুরু করে। যদিও বহু ক্ষেত্রে এগুলি পরিস্থিতির উপর নির্ভর করলেও প্রচলিত বিশ্বাস অনুযায়ী কিছু লক্ষণ থেকে বোঝা যায় যে, কুলদেবতা রুষ্ট হয়েছেন।

Advertisement

পরিবারে ক্রমাগত অশান্তি

অনেক সময় দেখা যায়, কোনও বিশেষ কারণ ছাড়াই পরিবারে সব সময় ঝগড়া-বিবাদ লেগে থাকে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালবাসা কমতে শুরু করে। সে ক্ষেত্রে মনে করা হয়, কুলদেবতার আশীর্বাদ কমে গিয়েছে। বিশেষ করে তুচ্ছ কারণে বড় ঝামেলা সৃষ্টি হওয়া এর অন্যতম লক্ষণ।

Advertisement

অকালমৃত্যু বা দীর্ঘস্থায়ী রোগ

যদি পরিবারে একের পর এক সদস্য গুরুতর অসুস্থতায় ভুগতে শুরু করেন এবং আধুনিক চিকিৎসাতেও কোনও সুফল না পাওয়া যায়, তবে তা ‘কুলদোষ’ হিসাবে দেখা হয়। তা ছাড়া পরিবারে কোনও অপঘাত বা অকালমৃত্যুর ঘটনা ঘটলে তা দেবতার অসন্তুষ্টির সঙ্কেত হিসাবে ধরা হয়।

Advertisement

আর্থিক অনটন এবং শ্রীবৃদ্ধি থমকে যাওয়া

কঠোর পরিশ্রম করার পরেও যদি অর্থাভাব দূর না হয়, উপার্জিত অর্থ অকারণে খরচ হয়ে যায়— তবে বুঝতে হবে গৃহের লক্ষ্মী বা কুলদেবতা সহায় নন। অর্থ সঞ্চয় করতে না পারা এবং ঋণের জালে জড়িয়ে পড়া এর অন্যতম বড় লক্ষণ।

বংশবিস্তারে বাধা

প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, পরিবারে নতুন অতিথির আগমনে বা সন্তানলাভে যদি বার বার বাধা সৃষ্টি হয়, সে ক্ষেত্রে কুলদেবতার পূজা সঠিক ভাবে করা প্রয়োজন।

শুভ কাজে বার বার বাধা

বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান ঠিক হওয়ার পরেও শেষ মুহূর্তে কোনও না কোনও কারণে তা ভেঙে যাওয়া বা বড় ধরনের বিপত্তি আসা কুলদেবতার বিমুখ হওয়ার লক্ষণ হতে পারে।

দুঃস্বপ্ন ও অস্থিরতা

পরিবারের সদস্যেরা যদি নিয়মিত দুঃস্বপ্ন দেখেন অথবা বাড়ির ভিতর সব সময় একটি ভারাক্রান্ত ও নেতিবাচক পরিবেশ অনুভব করেন, তবে তা কুলদেবতা বিরূপ হওয়ার ইঙ্গিত বহন করে। বাড়ির পোষ্যের মৃত্যু অথবা গাছের হঠাৎ মরে যাওয়াও অশুভ সঙ্কেত বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement