ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
সোনা এবং রুপোর দাম দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে। যদিও মানুষের কাছে এই দুই ধাতুর চাহিদা কমছে না। বহু মানুষই সোনার গগনচুম্বী দামের কারণে রুপোর গয়নার দিকে ঝুঁকছেন। অনেকের আবার সোনার হলদেটে রঙের তুলনায় রুপোর সাদা রংই বেশি পছন্দের। হিন্দুশাস্ত্র মতে, রুপো শুভ ধাতু। রুপো ধারণে বহু মানুষেরই ভাগ্যের অমানিশা কেটে গিয়ে সুখের সময় শুরু হয়। শাস্ত্র জানাচ্ছে কিছু রাশি রয়েছে যাঁদের রুপো ধারণে দারুণ উন্নতি হয়। তবে ছোট্ট আংটি পরলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে না। বদলে পরতে হয় রুপোর ব্রেসলেট বা চেন। তা হলেই সুফল পাওয়া যায়। কোন কোন রাশির ভাগ্য বদলাতে সক্ষম রুপো, জেনে নিন।
রুপোর ব্রেসলেট বা চেন কাদের জন্য শুভ?
বৃষ: শুক্রের রাশি বৃষের জাতক-জাতিকারা রুপো ধারণে শুভ ফল লাভ করেন। তবে রুপোর আংটি নয়, চেন বা ব্রেসলেট পরতে হবে। তা হলেই পূর্ণ সুফল প্রাপ্তি ঘটবে। এই রাশির জাতক-জাতিকাদের বৈভবের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। জীবনে এঁরা অত্যন্ত গোছানো হয়ে ওঠেন। বৃষ জাতক-জাতিকাদের ব্যক্তিত্বেও সুপরিবর্তন দেখতে পাওয়া যায়। আলস্য কেটে গিয়ে কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পায়।
কর্কট: শাস্ত্রমতে, রুপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। অন্য দিকে, কর্কট জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ চাঁদ। তাই এই রাশির ব্যক্তিরা রুপোর গয়না, বিশেষ করে চেন বা ব্রেসলেট পরলে খুব ভাল ফল লাভ করেন। এঁরা সাধারণত আবেগতাড়িত হন। কোন ক্ষেত্রে কতটা আবেগ প্রকাশ করা উচিত সেই ধারণা কর্কট জাতক-জাতিকাদের থাকে না। রুপোর ব্রেসলেট বা চেন পরলে এঁদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়।
মকর: শনির রাশি মকরকে শান্ত রাখতে কার্যকরী রুপো। এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে অহংয়ের বশে অপরকে ছোট করার প্রবণতা দেখা যায়। তবে রুপো পরলে তাঁদের এই স্বভাব অনেকটা নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া আরও নানা দিক থেকে ভাল ফল পান মকর জাতক-জাতিকারা। মানসিক শান্তি লাভ করেন। রুপোর মোটা ধরনের চুড়ি বা চেন পরলে পূর্ণ সুফল মিলবে।
মীন: রুপো ধারণে মীন জাতক-জাতিকাদের জীবনে সুপরিবর্তনের হাওয়া লাগে। এঁদের বাস্তববিমুখ থাকার প্রকৃতিতে রাশ টানতে সাহায্য করে রুপো। ফলত বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলতে সুবিধা হয় মীন জাতক-জাতিকাদের। রুপোর চেন বা ব্রেসলেট পরা সম্ভব না হলে, রুপোর তৈরি লকেটও পরতে পারেন। মীন রাশির ব্যক্তিদের জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে রুপো।