ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। তবে আকারে ছোট হলেও জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব বিশেষ। জ্যোতির্বিজ্ঞানেও যে এই গ্রহের বিশেষ ভূমিকা নেই তা নয়। শাস্ত্রমতে, বুধ বুদ্ধির কারক গ্রহ। কোনও ব্যক্তির মেধা, বুদ্ধি, বাচনক্ষমতা প্রভৃতির উপর বুধের আধিপত্য থাকে। যে ব্যক্তির জন্মছকে বুধ শুভ স্থানে থাকে, সেই ব্যক্তির কথা বলার ধরন বাকি পাঁচ জনের থেকে আলাদা হয়। এঁরা অত্যন্ত জ্ঞানী হন। শাস্ত্র জানাচ্ছে, বারোটি রাশির মধ্যে নির্দিষ্ট চার রাশি রয়েছে যারা বুধের প্রিয় হয়। এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে বুধের কৃপা সব সময় থাকে। তালিকায় কোন চার রাশির কথা বলা হয়েছে, দেখে নিন।
কারা বুধের দ্বারা কৃপাপ্রার্থী হন?
বৃষ: শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভাল হওয়ায় তার রাশি বৃষের জাতক-জাতিকাদের সঙ্গেও শুক্রের সম্পর্ক ভাল। এই রাশির জাতক-জাতিকারা বুধের আশীর্বাদে জীবনের সকল বাধা অতিক্রান্ত করতে পারেন। কর্মক্ষেত্রে প্রচুর নাম করেন। বিনিয়োগ করে লাভবান হন। বৃষ রাশির ব্যক্তিদের কথা বলার ক্ষমতাও হয় প্রশংসনীয়।
মিথুন: মিথুন বুধের নিজস্ব রাশি। তাই এই রাশিতে বুধের স্থান সবচেয়ে উন্নত হয়। মিথুন জাতক-জাতিকারা অত্যন্ত মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী হন। যে কোনও কাজ এঁরা অতি সহজে শিখে ফেলতে পারেন। এঁদের কথায় সকলে মোহিত হয়ে যান। লেখালিখি সংক্রান্ত কাজে এঁরা প্রচুর সফলতা পান।
কন্যা: কন্যা রাশিতে উচ্চে থাকে বুধ। বুধের কারণে এঁরা যে কোনও বিষয় সম্বন্ধে গভীর বিশ্লেষণ করতে পারেন। ছোটখাটো সব বিষয় নিয়ে এঁদের জ্ঞান থাকে। যে কোনও কাজ কন্যা রাশির জাতক-জাতিকারা নিখুঁত ভাবে সম্পন্ন করতে সফল হন। বুধের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকারা স্বপ্ন পূরণে সক্ষম হন।
তুলা: শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হন তুলা জাতক-জাতিকারা। সেই কারণে বুধের সঙ্গে এঁদের সম্পর্ক ভাল। যে কোনও বিষয়ে ভারসাম্য রক্ষা করে চলতে পছন্দ করেন তুলা জাতক-জাতিকারা। আর সেই বিষয়ে এঁদের সাহায্য করে বুধ। এঁরা অত্যন্ত কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হন। সেই কারণে শত্রুরা কখনও শত চেষ্টা করেও এঁদের ক্ষতি করতে পারেন না।