ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
পুজোর কাজে ফুলের গুরুত্ব সর্বাধিক। ফুল ছাড়া পুজো যেন অসম্পূর্ণ থেকে যায়। ফুল দিয়ে ঠাকুরের আসন সাজালে এক আলাদা অনুভূতি সৃষ্টি হয় আমাদের মনে। শান্তি অনুভূত হয়, দেখতেও সুন্দর লাগে। বাড়ির গাছ থেকে ফুল তুলে অনেকে পুজো করেন। আবার বাজার থেকে ফুল কিনে এনেও পুজো করা হয়। কোনও মন্দিরে গেলে সেখান থেকে ফুল কিনে আমরা পুজো দিই। এ ক্ষেত্রে ভিন্ন মানুষ বিভিন্ন পন্থা মেনে থাকেন। জ্যোতিষশাস্ত্রে এ বিষয়ে বিশেষ কিছু নিয়ম মেনে চলার কথা বলা রয়েছে। সে বিষয় অনেকের কাছেই অজানা। তবে নিয়মে ভুল হলে দেবতারা ফুল গ্রহণ করেন না বলে জানাচ্ছে শাস্ত্র। ঠাকুরকে ফুল দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।
মন্দিরের ফুল কেনার নিয়ম: অনেক ক্ষেত্রে মন্দিরে পুজো দিতে গিয়ে দোকান থেকে ফুল কিনে আমরা আগে পুজো দিয়ে আসি, তার পর এসে দোকানে টাকা দিই। শাস্ত্র জানাচ্ছে এই কাজটি করা একেবারেই উচিত নয়। যত ক্ষণ না কোনও জিনিস কিনে টাকা দেওয়া হয়, তত ক্ষণ সেই জিনিসের উপর আমাদের অধিকার হয় না। তাই মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে যদি দোকানিকে টাকা না দেওয়া হয়, তা হলে সেই ফুল আমাদের থেকে গ্রহণ করেন না ঠাকুর। সেই ফুল দিয়ে পুজো দেওয়ার পুণ্য অর্জন করেন দোকানি। তাই পুজোর ফুল কেনার সময় প্রথমেই টাকা দিয়ে দিতে হবে। পুজো করার পর এসে টাকা দিলে চলবে না।
বাড়িতে ফুল তোলার নিয়ম: অনেকেই রয়েছেন যাঁরা বাড়ির গাছ থেকে ফুল তুলে পুজো করেন। বহু মানুষই সেই ফুল তোলার পর শুদ্ধ করার জন্য সেটি জলে ধুয়ে নেন। এটা একেবারেই ভুল নিয়ম। কারণ, যখন আপনি ফুল জলে দিচ্ছেন, তখন সেই ফুল জলদেবতাকে অর্পণ করা হয়ে যায়। আর এক দেবতাকে অর্পণ করা ফুল অন্য দেবতার কাজে লাগে না। ফুল প্রকৃতির জিনিস, তাকে শুদ্ধ করার প্রয়োজন হয় না।