ভাড়া বাড়ছে বিমানের টিকিটের। — প্রতীকী চিত্র।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-র পরে এ বার বিমানভাড়া বৃদ্ধি করছে আরও এক ভারতীয় উড়ান সংস্থা। রবিবার থেকে বিমানের টিকিটের দামে জ্বালানি সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আকাশা এয়ার। গন্তব্যের উপর নির্ভর করে ১৯৯ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত সারচার্জ জুড়বে টিকিটের দামের সঙ্গে।
বিমানের টিকিটের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে আকাশা এয়ার। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উভয় ধরনের বিমানের ক্ষেত্রেই এই সারচার্জ নেওয়া হবে। শনিবার মধ্যরাত (রাত ১২টা ১ মিনিট) থেকে এই সারচার্জ কার্যকর হবে। অর্থাৎ, ওই সময় থেকে কাটা টিকিটগুলিতে বর্ধিত ভাড়া নেওয়া হবে। তার আগে কেটে নেওয়া টিকিটের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। বিবৃতিতে বলা হয়েছে, বিমানযাত্রার সময়ের উপর নির্ভর করে সারচার্জ স্থির হবে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে হরমুজ় প্রণালী দিয়ে নৌ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। যদিও সম্প্রতি ভারতমুখী কিছু জাহাজ হরমুজ় প্রণালী পেরিয়েছে যুদ্ধ পরিস্থিতির মাঝেই। ভারতে ইরানের রাষ্ট্রদূতও জানান, ভারতগামী জাহাজ নিরাপদে পার হতে পারবে হরমুজ়। তা নিশ্চিত করবে ‘বন্ধু’ ইরান।
তবে এর মধ্যেও জ্বালানি-উদ্বেগ পুরোপুরি কাটেনি। বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় ‘এভিয়েশন টারবাইন ফুয়েল’ (এটিএফ)-এর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। যার প্রভাব পড়েছে এ দেশের উড়ান পরিষেবাতেও। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগেই জ্বালানির জন্য সারচার্জের কথা ঘোষণা করে। এত দিন অন্তর্দেশীয় বিমান পরিষেবায় তারা কোনও জ্বালানি-সারচার্জ নিত না। নতুন সিদ্ধান্তে সারচার্জ চাপানো হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবাতেও। এ ছাড়া বিদেশের বিভিন্ন গন্তব্যেও সারচার্জ আগের তুলনায় বৃদ্ধির ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
পরে একই পথে হাঁটে ইন্ডিগো-ও। অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিটে জ্বালানির জন্য সারচার্জ চাপায় তারাও। শনিবার থেকে নতুন টিকিটে তা কার্যকর করা হয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে উড়ান সংস্থা জানায়, দেশের ভিতরে এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে উড়ানের ক্ষেত্রে টিকিটে বসবে ৪২৫ টাকা করে সারচার্জ। পশ্চিম এশিয়ার গন্তব্যে তা হবে ৯০০ টাকা। ইউরোপের কোনও গন্তব্যের ক্ষেত্রে সারচার্জ নেওয়া হবে ২৩০০ টাকা। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের গন্তব্যে বিমান টিকিটের সঙ্গেও ১৮০০ টাকা করে সারচার্জ যোগ করা হবে বলে জানায় তারা। এ বার আরও এক ভারতীয় উড়ান সংস্থা বিমানের টিকিটের সঙ্গে সারচার্জ চাপানোর ঘোষণা করল।