Bihar Hospital Fire

দিল্লির পর বিহার, অগ্নিকাণ্ড এ বার হাসপাতালে! আইসিইউয়ে আগুন লেগে ঝলসে মৃত তিন রোগী, আশঙ্কাজনক অনেকে

মুজফ্ফরপুর দমকল বিভাগের প্রধান নিবাস পাণ্ডে বলেন, ‘‘ভোর ৩টে ৫৫ মিনিটে আমাদের কাছে খবর আসে হাসপাতালে আগুন লেগেছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুন ছড়িয়ে পড়েছিল।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৮:৪৫
Share:

বিহারের হাসপাতালে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকল। ছবি: সংগৃহীত।

দিল্লির মালবীয় নগরের অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দেশের আরও এক প্রান্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার ভোরে বিহারের মুজফ্‌ফরপুরে একটি হাসপাতালের আইসিইউয়ে হঠাৎ আগুন লেগে যায়। তখন ভোর ৪টে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হাসপাতালের ছ’তলায় আইসিইউয়ে আগুন লেগেছিল। আগুন লাগার পরই রোগীর আত্মীয়েরা উদ্ধারে নামেন। ডাকা হয় দমকলকেও। ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইসিইউয়ের ভিতরে ধোঁয়ায় ভরে গিয়েছিল। এ ছাড়াও আগুন ওই তলার অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। দমকল কর্মী এবং স্থানীয় লোকজনদের সহযোগিতায় ১৫-২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তবে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তিন জনের। এমনটাই জানিয়েছে পুলিশ। তবে আগুনে আরও অনেক রোগী ঝলসে গিয়েছেন। তাঁদের অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুজফ্ফরপুর দমকল বিভাগের প্রধান নিবাস পাণ্ডে বলেন, ‘‘ভোর ৩টে ৫৫ মিনিটে আমাদের কাছে খবর আসে হাসপাতালে আগুন লেগেছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুন ছড়িয়ে পড়েছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। দ্রুত উদ্ধারকাজে নামা হয়। ১৫-২০ জন রোগীকে উদ্ধার করে পাশের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’’ জেলাশাসক সুব্রতকুমার সেন জানিয়েছেন, আইসিইউয়ে ১৩ জন রোগী ছিলেন। কিছু রোগী ছিলেন সিসিইউয়ে। তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, বুধবার সকালে দিল্লির মালবীয় নগরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন বিদেশি ছিলেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ২৬ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারের মুজফ্‌ফরপুরের হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement