অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। —ফাইল চিত্র।
দুই বা তার বেশি সন্তান হলেই দম্পতিকে ২৫ হাজার টাকা করে দেবে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের জন্মহার বৃদ্ধি করতে এই নতুন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। চলতি মাসেই হতে পারে ঘোষণা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বৃহস্পতিবার সেই ইঙ্গিত দিয়েছেন।
জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারত নয়, অন্য অনেক দেশও এই সমস্যায় ভুগছে। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়ে জন্মহারের সমস্যা তুলে ধরেন চন্দ্রবাবু। জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার (টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর) ১.৫ শতাংশ। তা প্রতিস্থাপন স্তরের নীচে। এই হার আগামী দিনে ২.১ শতাংশে তুলে আনতে চায় তাঁর সরকার। সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা একটা অভিনব পদ্ধতির কথা ভেবেছি। কোনও দম্পতি দুই বা তার বেশি সন্তানের জন্ম দিলেই আমরা তাঁদের ২৫ হাজার টাকা করে দেব। একেবারে জন্মের সময়েই এই টাকা দেওয়া হবে। এই প্রকল্প খেলা ঘুরিয়ে দিতে চলেছে। আমরা যদি এটা করতে পারি, তা খুব কার্যকরী হবে।’’
জনসংখ্যা নিয়ন্ত্রণ, তা নিয়ে একটি সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার গুরুত্ব বিধানসভায় আলোচনা করেছেন চন্দ্রবাবু। জানিয়েছেন, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, একাধিক দেশ এখন এই সমস্যার মুখোমুখি হয়েছে। জনসংখ্যার গড় বয়স বেড়ে যাচ্ছে। এই সমস্যার আশু মোকাবিলা প্রয়োজন। উল্লেখ্য, জনসংখ্যার গড় বয়স বেড়ে গেলে সংশ্লিষ্ট এলাকার কর্মক্ষমতা, উৎপাদন হ্রাস পায়। তাতে সার্বিক ভাবে ধাক্কা খায় অগ্রগতি। সেই কারণেই অন্ধ্রপ্রদেশ সরকার জন্মহার বৃদ্ধিতে উদ্যোগী হচ্ছে। চন্দ্রবাবু জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে এই নতুন প্রকল্প ঘোষণা করতে পারে তাঁর সরকার। এপ্রিল থেকে তা চালুও হয়ে যেতে পারে।