Bihar Maoist

‘মাওবাদীমুক্ত’ বিহার? শীর্ষ নেতার আত্মসমর্পণের পরই দাবি রাজ্য পুলিশের, মাথার দাম ছিল তিন লক্ষ টাকা

রাজ্য পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুধবার মুঙ্গেরে স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কাছে আত্মসমর্পণ করেন কোড়া। তাঁর বিরুদ্ধে ৬০টি মামলা চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯
Share:

মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান। প্রতিনিধিত্বমূলক ছবি।

‘মাওবাদীমুক্ত’ বিহার। মাওবাদীদের এক শীর্ষ নেতা আত্মসমর্পণের পরই বৃহস্পতিবার এই দাবি করল রাজ্য পুলিশ। বুধবার আত্মসমর্পণ করেছেন মাওবাদী নেতা সুরেশ কোড়া ওরফে মুস্তাকিম। তাঁর মাথার দাম ছিল তিন লক্ষ টাকা।

Advertisement

রাজ্য পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বুধবার মুঙ্গেরে স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কাছে আত্মসমর্পণ করেন। কোড়ার বিরুদ্ধে ৬০টি মামলা চলেছে। তার মধ্যে বেশির ভাগই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, কোড়া এসটিএফের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁর কাছ থেকে তিনটি অ্যাসল্ট রাইফেল, প্রচুর কার্তুজ, ম্যাগাজ়িন এবং নগদ টাকা উদ্ধার হয়েছে।

মাওবাদী প্রভাবিত রাজ্যগুলিতে আত্মসমর্পণ করা মাওবাদীদের জন্য নানা পুনর্বাসন প্রকল্প নেওয়া হয়েছে। বিহারেও ‘আত্মসমর্পণ সহ পুনর্বাস যোজনা’ রয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য। পুলিশ জানিয়েছে, সেই প্রকল্পের সুবিধা নিতেই আত্মসমর্পণ করেছেন কোড়া। কোড়াকে তিন লক্ষ টাকা দেওয়া হবে। যেটি তাঁর মাথার দাম ছিল। সেই সমমূল্যের অর্থ দেওয়া হবে পুনর্বাসনের জন্য। এ ছাড়াও অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা, তিন বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে কোড়াকে। বিবৃতিতে জানানো হয়েছে, কোড়ার আত্মসমর্পণের পর রাজ্য সম্পূর্ণ ভাবে মাওবাদী মুক্ত হয়েছে।

Advertisement

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কয়েক মাস ধরেই দেশের মাওবাদী উপদ্রুত রাজ্যগুলিতে বহু মাওবাদী আত্মসমর্পণ করেছেন। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের বহু শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। দেশকে মাওবাদীমুক্ত ঘোষণা করার সময়সীমা আসন্ন। তার আগেই বিহারকে মাওবাদীমুক্ত বলে দাবি করল সে রাজ্যের পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement