—প্রতিনিধিত্বমূলক চিত্র।
আমেরিকার চাপে নরেন্দ্র মোদী আপস করেছেন বলে ধারাবাহিক ভাবে সরব রয়েছেন রাহুল গান্ধী তথা কংগ্রেস নেতৃত্ব। পাল্টা কৌশলে রাহুল ও তাঁর পরিবারের বিরুদ্ধে আপসের অভিযোগ আনলেন বিজেপি নেতৃত্ব।
আমেরিকার যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ফাইলে তাঁর নাম এবং ঘুষ কাণ্ডে ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে আমেরিকার বিচারবিভাগের সমনের চাপে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে নরেন্দ্র মোদী আপস করতে বাধ্য হয়েছেন বলে সরব রাহুল। এরই মধ্যে আজ ভারত থেকে আমদানি হওয়া সৌরশক্তিচালিত যন্ত্রপাতিতে প্রায় ১২৬ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা।
যা নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। দলের মুখপাত্র পবন খেরা বলেন, ‘‘কেন প্রধানমন্ত্রী বারংবার আপস করেছেন তা স্পষ্টকরুন তিনি।’’
ক্রমাগত আক্রমণের মুখে আজ গান্ধী পরিবারকে পাল্টা আক্রমণের কৌশল নেয় বিজেপি। রাহুলকে আক্রমণের সুর গত রবিবারই বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই পথে জাতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল গান্ধী পরিবারকে আক্রমণ করেন। নিতিন বলেন, ‘‘যদি কেউ আপস করে থাকেন, তিনি রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ভারত বিরোধী শক্তি ও বিশেষ করে পাকিস্তানপন্থী অক্ষের ঘনিষ্ঠতা রয়েছে। রাহুল গত কয়েক বছর নিরাপত্তারক্ষীদের না জানিয়ে ২৪৭ বার বিদেশ গিয়েছেন। ভারত বিরোধী আমেরিকান ধনকুবের জর্জ সোরস, কেনিয়ায় ধনকুবের শাকির মেরালির সঙ্গে রাহুলের ঘনিষ্ঠযোগাযোগ রয়েছে।’’
দিল্লিতে আজ দলের সদর দফতর থেকে সাংবাদিক বাঠক করে করে রাহুলকে ‘বিদেশি শক্তির পুতুল’ বলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। রাহুল ছাড়াও সনিয়া গাঁধী ইউপিএ জমানায় সংবিধান বহির্ভূত ক্ষমতা ভোগ করতেন বলে অভিযোগ করেন তিনি। পীযূষ বলেন, ‘‘রাজীব গান্ধী বফর্স দুর্নীতির তদন্ত আটকেছিলেন। ইন্দিরা গান্ধীকে চালাত আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ। আর জওহরলাল নেহরুর আপসের কারণে আকসাই চিন ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী পদ হাতছাড়া হয় ভারতের।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে