গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ফের র্যাগিং-এর অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এ বারও সেই কলা বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তুলনামূলক সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র হেনস্থার অভিযোগ করেছেন। ইতিমধ্যে, তিনি ডিন অফ স্টুডেন্ট-এর কাছে এই বিষয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন। তাঁর দাবি, কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া তাঁকে হেনস্থা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতিমধ্যেই ওই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অ্যান্টি র্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ১৮ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। তাঁর দাবি, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা নাগাদ তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে ডিন অফ আর্টসের ঘরের পাশে একটি ঘরে বসে তাস খেলছিলেন। সে সময় তাঁরই কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া সে ঘরে এসে তাঁদের হেনস্থা করতে শুরু করেন। অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ করে নানা কথা বলা হয়। হাততালি দিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। বিভাগ থেকে বের করে দেওয়ার এবং মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রের দাবি, তাঁকে গণপিটুনি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, অভিযোগকারী ছাত্রে নিশানায় রয়েছেন এফএফআই সদস্যেরা। দাবি, এই প্রথম নয়, এর আগেও নানা ভাবে তাঁকে উত্যক্ত করা হয়েছে। এক ছাত্রীর নাম করেও তিনি অভিযোগ করেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা হাসাহাসি করেন। অভিযোগকারী ছাত্রের রাজনৈতিক পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। তবে, তাঁর অভিযোগে উঠে এসেছে রাজনীতির প্রসঙ্গ।
বাংলা বিভাগের এক প্রাক্তনীর নাম করেও অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র। তাঁর দাবি, ওই প্রাক্তনী এসএফআইয়ের সভায় পড়ুয়াদের নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অমান্য করা হলে তাঁদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে বলে হুমকি দেওয়া হয়। অভিযোগ, তিনি ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন। দীর্ঘ দিন বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি। মনোবিদের সাহায্য নিয়ে তিনি ফিরতে পেরেছেন পড়াশোনায়।
ডিন অব স্টুডেন্ট অনুপম দেবসরকার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি অ্যান্টি র্যাগিং স্কোয়াডে পাঠানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট অ্যান্টি র্যাগিং কমিটির কাছে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”