শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।
আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে রাজ্যের সব দফতরের বর্তমান অবস্থা নিয়ে সচিবদের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি। ৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট দফতরের সচিবদের রিপোর্ট জমা করতে হবে। সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। তার আগে সব দফতরের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত ধারণা নিতে চান তিনি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বর্তমান সরকার মনে করে, গত ১৫ বছরে পূর্বতন সরকারের ‘অসহযোগিতার’ কারণে কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য আদায় হয়নি। এখন সেই প্রাপ্য আদায়ের দিকেই নজর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সে জন্য তৎপর হয়েছেন।
নীতি আয়োগের উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) এখন অশোক লাহিড়ী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে অশোককে প্রার্থী করেছিল বিজেপি। জিতেছিলেন তিনি। তবে এ বার আর তাঁকে প্রার্থী করেনি বিজেপি। পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের পর পরই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে অশোকের নাম ঘোষণা করা হয়েছিল। অশোকের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক ভাল বলেই বিজেপির মধ্যে সুবিদিত। মনে করা হচ্ছে, সেই অশোকের থেকে শুভেন্দু রাজ্যের জন্য আরও কিছু সুবিধা আদায় করার চেষ্টা করবেন।
বৈঠকে রাজ্যের প্রকল্প, বরাদ্দ এবং অনুদান সব কিছুর রূপরেখা তৈরি হতে পারে বলে খবর। জুন মাসের শেষে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে শুভেন্দুর সরকার। তার আগে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলিতে যুক্ত হতে পারলে রাজ্যের আর্থিক বোঝা অনেকটা কমার কথা। কারণ, বেশির ভাগ প্রকল্পে কেন্দ্রের অনুদান থাকে অন্তত ৫০ শতাংশ। ফলে বাজেট প্রস্তুতির লক্ষ্যে সেই ব্যবস্থা নবান্ন পাকা করতে চাইছে বলে খবর। নীতি আয়োগের বৈঠকে বিষয়টি আরও পোক্ত হতে পারে বলে অনেকের ধারণা।
সে কারণেই ৫ জুনের মধ্যে রাজ্যের সব দফতরের সচিবদের রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এমনিতে এই দায়িত্ব থাকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের। সোমবার আরও ৩৫ জন বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এখনও দফতর বণ্টন হয়নি। ৫ জুনের মধ্যে রিপোর্ট দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। সে কারণে এই রিপোর্ট দেওয়ার দায়িত্ব আপাতত রাজ্যের সব দফতরের সচিবদের দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রস্তুতি নিয়ে নীতি আয়োগের বৈঠকে যেতে চান মুখ্যমন্ত্রী।