নৌকাডুবি মহারাষ্ট্রে। ছবি: সংগৃহীত।
মহারাষ্ট্রের বীড়ের মাজলগাঁওয়ে নৌকাডুবি। বুধবার দুপুরে ৩৫ জন যাত্রী নিয়ে নদী পারাপার করার সময় নৌকাটি উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েক জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে কত জন নিখোঁজ হয়েছেন তা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নৌকায় যত জন যাত্রীধারণ ক্ষমতা, তার তুলনায় বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল। ফলে ঘাট ছেড়ে কিছুটা যেতেই নৌকাটি কাত হয়ে পড়ে। তার পরই সেটি উল্টে যায়। নদীর স্রোত বেশি থাকায় কয়েক জন ভেসে যান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহযোগিতায় বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাঝিকে বার বার নিষেধ করা হয়েছিল বেশি যাত্রী যেন না তোলেন। কিন্তু অভিযোগ, সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ৩০ জনের বেশি যাত্রীকে নিয়ে নদী পারাপার করার চেষ্টা করেন। কিন্তু কিছুটা যেতেই নৌকা এক দিকে কাত হয়ে পড়ে। বিপদ আঁচ করেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। নদীর স্রোতের টান বেশি থাকার কারণে মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পর সেটি স্রোটের টানে কয়েক পাক খেয়ে উল্টে যায়। কয়েক জন সাঁতার কেটে পাড়ে ওঠেন। কিন্তু কিছু যাত্রী আবার স্রোতের টানে ভেসে যান।