Wing Commander Death

বায়ুসেনার উইং কমান্ডারের দেহ উদ্ধার! ছত্তীসগঢ়ে মাওবাদীদমন অভিযানে যুক্ত ছিলেন, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

অতিরিক্ত পুলিশ কমিশনার রমাকান্ত সাহু জানিয়েছেন, কর্মসূত্রে বিপুলের বদলি হয়েছিল ছত্তীসগঢ়ে। মাওবাদীদমন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এসিপি জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:৩৫
Share:

(বাঁ দিকে) উইং কমান্ডার বিপুল যাদব। (ডান দিকে) বিপুলের স্ত্রী। ছবি: সংগৃহীত।

ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের দেহ উদ্ধার হল। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময় বাড়িতে তাঁর ন’বছরের পুত্র এবং সাত বছরের কন্যা ছিল। তবে কাজের সূত্রে স্ত্রী দিল্লিতে ছিলেন।

Advertisement

বুধবার সকালে উইং কমান্ডার বিপুল যাদবের দেহ দেখতে পান তাঁর বাড়ির পরিচারিকা। তিনিই বিপুলের পরিবার এবং প্রতিবেশীদের খবর দেন। বিপুলের দেহ যে ঘর থেকে উদ্ধার হয়েছে, তার পাশের ঘরেই ঘুমোচ্ছিল তাঁর দুই সন্তান। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা বাড়ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার রমাকান্ত সাহু জানিয়েছেন, কর্মসূত্রে বিপুলের বদলি হয়েছিল ছত্তীসগঢ়ে। মাওবাদীদমন অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এসিপি জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই চরম পদক্ষেপ করেছেন বিপুল। পুলিশ সূত্রে খবর, বিপুলের স্ত্রীও আগে বায়ুসেনায় কর্মরত ছিলেন। বর্তমানে বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। বিপুলের বাড়ি উত্তরপ্রদেশের আজ়মগড়ে। পরিবারের সদস্য এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি হত বিপুলের। তাঁর আত্মহত্যার নেপথ্যে পারিবারিক বিবাদের কোনও সম্পর্ক জড়িয়ে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement