বোমাতঙ্কের পর দিল্লির একটি স্কুলে পুলিশি তল্লাশি চলছে। ছবি: পিটিআই।
দিল্লির একের পর এক স্কুলে বোমার হুমকি। তার জেরে হুলস্থুল পড়ে গেল রাজধানীতে। পুলিশ সূত্রে খবর, বোমার হুমকি পেয়েছে বেশ কয়েকটি নামী স্কুলও। খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অভিভাবকেরা স্কুলের সামনে এসে হাজির হন। ঘটনাস্থলে পুলিশ, দমকল, বম্ব এবং ডগ স্কোয়াড পৌঁছে দ্রুত খালি করায় স্কুল। পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপদে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্কুল থেকে একের পর এক ফোন আসে। তাদের জানানো হয়, বোমায় স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। পড়ুয়াদের দ্রুত স্কুল ছাড়ার নির্দেশ দেন স্কুল কর্তৃপক্ষগুলি। খবর পাওয়ার পরই পুলিশের বিভিন্ন দল স্কুলগুলিতে হাজির হয়। ডাকা হয় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড। তার পরই শুরু হয় তল্লাশি।
এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় বার বোমাতঙ্ক ছড়াল রাজধানীর স্কুলগুলিতে। জানা গিয়েছে, শুক্রবার তিনটি স্কুলে প্রথম হুমকি ইমেল আসে। তার পর আরও বেশ কয়েকটি স্কুল থেকে একই খবর আসতে শুরু করে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত একটি আইডি থেকে ইমেল এসেছে। সেই আইডি চিহ্নিত করার চেষ্টা চলছে। গত সোমবারই ১৩টি স্কুলে পর পর বোমাতঙ্ক ছড়ায়। সেই সময় ‘জ়্যাকারি জেনকিন্স’ নামে একটি আইডি থেকে ইমেল এসেছিল। ইমেলে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ বলেও উল্লেখ ছিল।