বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: পিটিআই।
পশ্চিম এশিয়ায় অস্থিরতার মাঝেই বৈঠকে বসছে ‘ব্রিক্স’। আন্তর্জাতিক এই গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের এই বৈঠকের আয়োজন করছে ভারত। আগামী বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে দু’দিনের এই সম্মেলন, যার সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে ‘ব্রিক্স’ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করেছেন। শুল্কনীতি নিয়ে সংঘাতের জেরে ‘ব্রিক্স’কে ‘আমেরিকাবিরোধী’ বলেও আক্রমণ শানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ বার সেই ‘ব্রিক্স’-এর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বৈঠকে বসছেন দিল্লিতে। এই আন্তর্জাতিক গোষ্ঠীতে ভারত, চিন, রাশিয়ার পাশাপাশি রয়েছে ইরানও। পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইরান উত্তেজনা এবং জ্বালানি ঘিরে বিশ্বব্যাপী উদ্বেগের মাঝে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
তেহরান ইতিমধ্যে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে, তাদের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই বৈঠকে যোগ দিতে প্রস্তুত। তবে বিভিন্ন সূত্রে পিটিআই জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় সেই সময়ে কী পরিস্থিতি থাকে, তার উপরে আরাঘচির সফর নির্ভর করতে পারে। অন্য দিকে, চিনের বিদেশমন্ত্রীও বৈঠকে আসতে পারছেন না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই সময়ে চিন সফরে যাচ্ছেন। একই সময়ে ‘ব্রিক্স’-এর বৈঠক পড়ে যাওয়ায় তিনি দিল্লিতে আসতে পারছেন না। বেজিং জানিয়েছে, চিনা বিদেশমন্ত্রীর হয়ে ‘ব্রিক্স’ বৈঠকে যোগ দেবেন ভারতে চিনা রাষ্ট্রদূত শি ফেইহং। সূত্রের খবর, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ-সহ ‘ব্রিক্স’-এর বেশ কয়েকটি সদস্যরাষ্ট্রের বিদেশমন্ত্রী ইতিমধ্যে বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন। এই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন বন্ধু রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীরা।
পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর থেকেই বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। আপাতত আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ না চললেও অস্থিরতা রয়েই গিয়েছে। একই সঙ্গে হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে পেট্রল-ডিজ়েলের ব্যবহার নিয়ে দেশবাসীকে সংযমী হওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি বাঁচাতে কোভিডের সময়ের মতো আবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ শুরু করারও বার্তা দিয়েছেন। দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার সুরক্ষিত রাখতে সকলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এ অবস্থায় ‘ব্রিক্স’-এর বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তা নিয়ে কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে দেশবাসীর মনেও।