টুকরো খবর

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন শীতকালীন সংসদীয় অধিবেশনে স্থলসীমান্ত চুক্তিটি রাজ্যসভায় পাশ করাতে মরিয়া চেষ্টা করবে মোদী সরকার। এ নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, “আমি ছিটমহল হস্তান্তরের পক্ষে। চাই সেখানকার মানুষেরা তাঁদের অধিকার বুঝে নিন। কিন্তু মানুষের পুনর্বাসন প্যাকেজ কী হবে, তা স্থির না-করেই, তাড়াহুড়োর মধ্যে আমি সিদ্ধান্ত নিতে চাই না।” মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, সংসদের আসন্ন অধিবেশনে সরকার বিলটি পাশ করানোর চেষ্টা করলে রাজ্যসভায় তার বিরোধিতা করবে তৃণমূল।

Advertisement
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৪ ০৩:২৪
Share:

ছিটমহলে আগে পুনর্বাসন: মমতা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি

Advertisement

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন শীতকালীন সংসদীয় অধিবেশনে স্থলসীমান্ত চুক্তিটি রাজ্যসভায় পাশ করাতে মরিয়া চেষ্টা করবে মোদী সরকার। এ নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, “আমি ছিটমহল হস্তান্তরের পক্ষে। চাই সেখানকার মানুষেরা তাঁদের অধিকার বুঝে নিন। কিন্তু মানুষের পুনর্বাসন প্যাকেজ কী হবে, তা স্থির না-করেই, তাড়াহুড়োর মধ্যে আমি সিদ্ধান্ত নিতে চাই না।” মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, সংসদের আসন্ন অধিবেশনে সরকার বিলটি পাশ করানোর চেষ্টা করলে রাজ্যসভায় তার বিরোধিতা করবে তৃণমূল। মমতার কথায়, “কেন্দ্র বলছে যে এ ক্ষেত্রে তারাই পুনর্বাসন প্রকল্প স্থির করবে। সেটা তো হতে পারে না। কারণ এর সঙ্গে রাজ্যের মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে।”

Advertisement

জিএসটি বিলেই ক্ষতিপূরণের উল্লেখ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালুর পথে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির মতানৈক্যের অন্যতম জায়গা ক্ষতিপূরণ। সেই বাধা দূর করতে ওই ক্ষতিপূরণের অঙ্ক রাজ্যগুলির জন্য কেমন হবে, সে কথা পণ্য-পরিষেবা কর বিলের খসড়ায় উল্লেখ করতে রাজি কেন্দ্র। তৈরি সেই বিষয়টি সংবিধান সংশোধনী বিলের আওতায় আনতে। কেন্দ্রের এক আধিকারিক জানান, বিল পাশের পর রাজ্যগুলিকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে। ২৪ নভেম্বর বসবে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানেই এই সংশোধনী বিল আসার কথা। এই সময়ে বিলটি পাশ করাতে হলে পণ্য-পরিষেবা কর নিয়ে সব পক্ষের এক মত হওয়া জরুরি।

ফেসবুকে রেডিও
নিজস্ব সংবাদদাতা • শিলচর

প্রতিদিনের খবর ঘরে ঘরে পৌঁছে দিতে ফেসবুকে অ্যাকাউন্ট খুলল শিলচরের আকাশবাণী কেন্দ্র। রেডিওর টাটকা খবর তাতে দেখা, শোনা যাবে। নিয়মিত প্রচার করা হবে আঞ্চলিক সংবাদও।

ফের কিসান বিকাশ পত্র

নতুন সাজে কিসান বিকাশ পত্র চালু হচ্ছে। নতুন ব্যবস্থায় সাড়ে পাঁচ বছরের বদলে ১০০ মাস বা ৮ বছর ৪ মাসে সঞ্চয়ের টাকা দ্বিগুণ হবে। এক, পাঁচ, দশ ও পঞ্চাশ হাজার টাকায় মিলবে সার্টিফিকেট। সঞ্চয়ের কোনও ঊর্ধ্বসীমা নেই। আড়াই বছরের আগে টাকা তোলা যাবে না। অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে ঘোষণা করেছিলেন, আমজনতার দাবি মেনে ফের কিসান বিকাশ পত্র চালু হবে। মঙ্গলবারই তার আনুষ্ঠানিক সূচনা। যাঁরা অল্প পরিমাণে টাকা সঞ্চয় করেন, বেআইনি অর্থলগ্নি সংস্থার হাত থেকে তাঁদের বাঁচিয়ে টাকা জমানোর নিরাপদ ব্যবস্থা করাই এর উদ্দেশ্য। অর্থ মন্ত্রকের বক্তব্য, এর ফলে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের হারও বাড়বে। প্রথমে ডাকঘর, পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেও কিসান বিকাশ পত্রের সার্টিফিকেট কেনা যাবে। ওই সার্টিফিকেটের বিনিময়ে ব্যাঙ্ক থেকে ঋণও মিলবে। সার্টিফিকেটের মালিকানা এক বা একাধিক বার বদল করা যাবে। এক ডাকঘর থেকে অন্য ডাকঘরেও তা সরানো যাবে।

গাড়ি-বিতর্ক

আগামী সপ্তাহে সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের দেওয়া বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন না পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নেপালি এক অফিসার এই খবর জানিয়েছেন। সম্মেলনে অংশগ্রহণকারী অন্য কোনও দেশ ভারত থেকে পাঠানো গাড়ি ব্যবহারে কোনও আপত্তি তোলেনি। তাই পাকিস্তানের এই আপত্তি নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষত গত অক্টোবর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা যে ভাবে বেড়েছে, তার জেরেই পাক প্রধানমন্ত্রী গাড়ি নিতে আপত্তি জানিয়েছেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র খাগা নাথ অধিকারী বলেছেন, “শরিফ নিজের গাড়ি নিয়ে আসবেন। বাকি প্রধানমন্ত্রীদের জন্য ভারত থেকে গাড়ি আসছে।” তবে তিনি বলেছেন, “পাকিস্তান ভারতের গাড়ি প্রত্যাখ্যান করেছে, এটা বলা ঠিক নয়। মার্কিন প্রেসিডেন্ট যখন সফরে যান, তাঁর নিজস্ব গাড়ি আনেন। এর মধ্যে অন্য কিছু ব্যাপার নেই।

জেড রামদেব

রামদেবের জীবন বিপন্ন হওয়ায় তাঁকে জেড পর্যায়ের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রামদেবের বিরোধীরা তাঁর উপরে হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকেই তাঁকে ওই পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়েছে। আধাসেনার ২২ জনের একটি দল রামদেবের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement