কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। —ফাইল চিত্র।
অবশেষে কেরলের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে ভিডি সতীশনকে বেছে নিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।
কেরলে ১০২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। অথচ ভোটগণনার পর থেকে ১০ দিন কেটে গেলেও এই রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করতে পারছিলেন না কংগ্রেস নেতৃত্ব। গত বিধানসভার বিরোধী দলনেতা সতীশন ছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা।
এর আগে কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল যে, কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসাবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছে। কিন্তু বিধায়কদের একাংশ আবার সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান। এই অংশটির যুক্তি ছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলকে জয়ের রাস্তায় ফিরিয়েছেন সতীশনই। শেষমেশ এই সতীশনকেই বেছে নিল কংগ্রেস।
সতীশন বিধায়ক হিসাবে একাধিক বার নির্বাচিত হয়েছেন। কেরলের এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের বিধায়ক তিনি। দলের নিচুতলার কর্মীদের কাছে জনপ্রিয় সতীশন।
বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতারা প্রায় ৪০ মিনিট বৈঠক করেছিলেন। তার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সেই মতোই বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসাবে সতীশনের নাম ঘোষণা করা হয়। তিনি কবে শপথ নেবেন, তা অবশ্য এখনও জানানো হয়নি।