Telegram App Ban

বহাল থাকবে কেন্দ্রের সিদ্ধান্ত! ২২ জুন পর্যন্ত টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করল না দিল্লি হাই কোর্ট

নতুন করে নিট নেওয়া হবে আগামী ২১ জুন। এই পরীক্ষাতেও যাতে প্রশ্ন ফাঁস না-হয়ে যায়, তা নিশ্চিত করতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিটের প্রশ্নফাঁস এবং গুজব ঠেকাতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্তই বহাল রাখল দিল্লি হাই কোর্ট। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামের দায়ের করা মামলার শুনানিতে আদালত জানিয়েছে, অসদুপায় সংক্রান্ত উদ্বেগ নিরসনের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি ছিল যথাযথ এবং সুপরিকল্পিত।

Advertisement

গত ৩ মে নিট পরীক্ষা হয়েছিল। ১২ তারিখ প্রশ্নফাঁসের অভিযোগ এবং তদন্তের জেরে ওই পরীক্ষা বাতিল করা হয়। ঘোষণা করা হয়, নতুন করে পরীক্ষা নেওয়া হবে আগামী ২১ জুন। এই পরীক্ষাতেও যাতে প্রশ্ন ফাঁস না-হয়ে যায়, তা নিশ্চিত করতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত বেআইনি, এমন দাবি করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল টেলিগ্রাম।

দিল্লি হাই কোর্টের বিচারপতি তেজস কারিয়ার অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই শুনানিতে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়, কেন তারা ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? সেই প্রশ্নে কেন্দ্র নির্দিষ্ট কিছু যুক্তি জানায় আদালতকে। তার পরে শুক্রবার বিচারপতি টেলিগ্রামের দায়ের করা মামলা খারিজ করে দেন। বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারের গৃহীত পদক্ষেপগুলি কম বিধিনিষেধমূলক। এই নির্দেশকে কখনই অসামঞ্জস্যপূর্ণ, এমন বলা যায় না।

Advertisement

প্রশ্নফাঁস ঠেকাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) কেন্দ্রের কাছে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আবেদন জানিয়েছিল। মোদী সরকারের কাছে এনটিএ-র অনুরোধ ছিল, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হোক। এনটিএ-র অনুরোধ মেনে সেই পথে হাঁটে কেন্দ্র। তাদের যুক্তি, এই পদক্ষেপের লক্ষ্য হল টুকলি চক্র রোধ, প্রশ্নফাঁসের ভুয়ো দাবি এবং পরীক্ষার্থীদের বিভ্রান্তি থেকে রক্ষা করা। যদিও টেলিগ্রামের যুক্তি ছিল, এই নিষেধাজ্ঞার জেরে লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারীর উপর প্রভাব পড়ছে, যা অনুচিত।

বৃহস্পতিবারের শুনানিতে নিষেধাজ্ঞার পক্ষে আদালতে একাধিক যুক্তি দিয়েছে কেন্দ্র। টেলিগ্রামকে বলা হয়েছে নতুন ‘ডার্ক ওয়েব’। অভিযোগ, এই অ্যাপকে ব্যবহার করে দিকে দিকে নানা দুষ্কর্ম, অপরাধ সংঘটিত হচ্ছে। অ্যাপের নির্দিষ্ট বিশেষত্বের কারণে এখানে অপরাধীকে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে। তাই ভারতে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বা নিটের প্রশ্নফাঁস আটকাতে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা জরুরি। টেলিগ্রামের আবেদন খারিজ করে কেন্দ্রের নির্দেশ বহাল রাখে দিল্লি হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement