Hoax Bomb Threats

বোমাতঙ্ক ছড়াতে ১১০০ বারেরও বেশি ভুয়ো ইমেল! দিল্লি পুলিশের অভিযানে ধৃত অভিযুক্ত, উঠে আসছে কী কী তথ্য?

সাম্প্রতিক কিছু বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় তদন্তের সূত্র ধরে শ্রীনিবাসকে চিহ্নিত করে দিল্লি পুলিশ। সেই সূত্র ধরেই দিল্লি পুলিশের একটি দল হানা দেয় কর্নাটকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১১:৪৬
Share:

দিল্লি পুলিশ। —ফাইল চিত্র।

বোমাতঙ্ক ছড়াতেন। দেশের বিভিন্ন প্রান্তে ১,১০০ বারেরও বেশি এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বার সেই অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শ্রীনিবাস লুইস নামে ৪৭ বছর বয়সি ওই অভিযুক্তকে কর্নাটকের মাইসুরু থেকে পাকড়াও করা হয়েছে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, দেশের বিভিন্ন স্কুল, হাই কোর্ট এবং সরকারি দফতরে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে দিল্লি হাই কোর্ট, দিল্লির বিধানসভা, রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিসও। একের পর এক জায়গায় ভুয়ো তথ্য ছড়িয়ে বোমাতঙ্ক তৈরির ঘটনায় শ্রীনিবাসকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক কিছু বোমাতঙ্ক ছড়ানোর ঘটনার তদন্তের সূত্র ধরে শ্রীনিবাসকে চিহ্নিত করে দিল্লি পুলিশ। সেই সূত্র ধরেই দিল্লি পুলিশের একটি দল হানা দেয় কর্নাটকে। স্থানীয় থানার পুলিশকর্মীদের সাহায্যে মাইসুরুর এক ভাড়া বাড়ি থেকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, শ্রীনিবাসের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তাঁর আদি বাড়ি বেঙ্গালুরুতে। তবে এখন বাবা-মায়ের সঙ্গে থাকেন মাইসুরুর বাড়িতে। দিল্লি পুলিশের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত মানসিক ভাবে চাপে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি ইমেল এবং অন্য কিছু উপায়ে দেশের বিভিন্ন জায়গায় ১,১০০-রও বেশি বার বোমা থাকার ভুয়ো তথ্য পাঠিয়েছিলেন।”

Advertisement

দিল্লি, পঞ্জাব, গুজরাত-সহ দেশের বিভিন্ন প্রান্ত গত কয়েক মাসে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ইমেল করে ভুয়ো হুমকি পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গেও মাঝে কয়েক দিন এমন হুমকিবার্তা-সহ ভুয়ো ইমেল আসে। রাজ্যের বিভিন্ন আদালতে এমন ভুয়ো তথ্য ছড়ায়। যদিও এই ঘটনাগুলির সব ক্ষেত্রেই একই অভিযুক্তের যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement