Terror Module in Delhi

দিল্লিতে হামলার ছক! পাকিস্তানি চর সংস্থা ও দাউদ-নেটওয়ার্কের মদতপুষ্ট মডিউলের সঙ্গে জড়িত সন্দেহে ধৃত ৯, উদ্ধার বিস্ফোরক

ধৃত ৯ জনের পাকিস্তানের আইএসআই এবং মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের ‘হ্যান্ডলার’-এর সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। ওই ‘হ্যান্ডলার’দের নির্দেশেই ধৃতেরা কাজ করছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৬:০০
Share:

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের অভিযানে ধৃতেরা। ছবি: সংগৃহীত।

রাজধানী দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলার ছক কষা হচ্ছিল বলে অভিযোগ। ওই ঘটনায় এ বার ৯ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতেরা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট ‘জঙ্গি মডিউল’-এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। পাশাপাশি পলাতক দাউদ ইব্রাহিমের মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের সঙ্গেও ধৃতদের যোগাযোগ ছিল বলে দাবি করা হচ্ছে।

Advertisement

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের অভিযানে শনিবার গ্রেফতার হয়েছেন ওই ৯ অভিযুক্ত।তাঁদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। পুলিশ সূত্রে পিটিআই জানাচ্ছে, দীর্ঘ দিন ধরেই নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ‘মডিউল’-এর বিষয়ে তদন্ত চলছিল। সেই সূত্র ধরেই শনিবার গ্রেফতার করা হয় ৯ জনকে।

ধৃত ৯ জনের পাকিস্তানের আইএসআই এবং মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের ‘হ্যান্ডলার’-এর সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। ওই ‘হ্যান্ডলার’দের নির্দেশেই ধৃতেরা কাজ করছিলেন বলে তদন্তে উঠে এসেছে। দিল্লি পুলিশের এক আধিকারিক পিটিআই-কে জানান, রাজধানীর বেশ কিছু স্পর্শকাতর এলাকায় হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই অভিযুক্তদের। নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল তাঁদের। এই নেটওয়ার্ক কতটা ছড়িয়ে রয়েছে, এর সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয়ে এখন বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র এবং বিস্ফোরক পদার্থ কোথা থেকে এসেছিল, তা-ও জানার চেষ্টা চলছে।

Advertisement

আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, সীমান্তের ও পার থেকে এই মডিউলকে নিয়ন্ত্রণ করা হত বলে সন্দেহ করা হচ্ছে। ভারতের বাইরে বসে এই মডিউলকে আর্থিক মদত দেওয়া হচ্ছে বলেও মনে করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement