গুরমিত রাম রহিম। ফাইল চিত্র।
ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে আবার প্যারোলে মুক্তি দিল হরিয়ানা সরকার। তাঁকে এ বার ৩০ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন আবার জেলে ফিরতে হবে ডেরাপ্রধানকে। বার বার ডেরাপ্রধানকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে কম বিতর্ক হয়নি। এ বারও রাম রহিমকে মুক্তি দেওয়ায় বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করেছে হরিয়ানা সরকারের বিরুদ্ধে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেই ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ডেরাপ্রধানকে। তার চার মাসের মধ্যেই আবার প্যারোলে ছাড়া হল ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত রাম রহিমকে। যদিও ডেরার মুখপাত্র তথা আইনজীবী জিতেন্দ্র খুরানার দাবি, আইনি অধিকারের ভিত্তিতেই প্যারোলে ছাড়া হয়েছে রাম রহিমকে। মঙ্গলবার তাঁর প্যারোলের অনুমতি দেয় রাজ্য সরকার। ছাড়া পেয়েই এ দিন সকালে রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে সোজা সিরসায় নিজের ডেরা সচ্চা সৌদা-র দফতের উদ্দেশে রওনা দেন রাম রহিম। সূত্রের খবর, সিরসার জেলাশাসকের থেকে সবুজসঙ্কেত পাওয়ার পরই রাম রহিমের সিরসায় থাকার অনুমতি মিলেছে।
ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৭ সাল থেকে সুনারিয়া জেলে বন্দি ডেরাপ্রধান। ওই বছরের ২৫ অগস্ট পঞ্চকুলার সিবিআই আদালত ডেরাপ্রধানকে দোষী সাব্যস্ত করে। তাঁর ২০ বছরের কারাদণ্ড হয়েছে। ২০০২ সালে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগও উঠেছিল। সেই মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন ডেরা প্রধান। ওই খুনের মামলায় ২০২১ সালে রাম রহিম-সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় হরিয়ানার নিম্ন আদালত। ২০০২ সালের ওই খুনের মামলায় হাই কোর্ট বেকসুর খালাস করলেও, অন্য মামলায় এখনও জেলবন্দি রয়েছেন ডেরাপ্রধান। আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে ডেরাপ্রধানকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ২০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। পাশাপাশি রাম রহিমের যৌন ‘কেলেঙ্কারি’ প্রকাশ্যে নিয়ে আসায় খুন হন সাংবাদিক রাম চান্দের প্রজাপতিও। সেই মামলাতেও দোষী সাব্যস্ত হন ডেরাপ্রধান। বর্তমানে তিনি রয়েছেন রোহতকের সুনারিয়া জেলে।
সাজা ঘোষণার পর ২০২০ সালের ২৪ অক্টোবর প্যারোলে প্রথম বার এক দিনের জন্য মুক্তি পান ডেরাপ্রধান। তার পর ২০২১-এর মে (১২ ঘণ্টার জন্য), ২০২২-এর ফেব্রুয়ারি (২১ দিন), জুন (৩০ দিন), অক্টোবর (১৪ দিন), ২০২৩-এর জানুয়ারি (৪০ দিন), জুলাই (৩০ দিন), নভেম্বর (২১ দিন), ২০২৪-এর জানুয়ারি (৫০ দিন), অগস্টে (২১ দিন), অক্টোবরে (২০ দিন), ২০২৫-এর জানুয়ারি (৩০ দিন), এপ্রিল (২১ দিন), অগস্ট (৪০ দিন), ২০২৬-এর জানুয়ারি (৪০ দিন), মে (৩০ দিন)।