Plane Fare

পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা বাড়তেই দিল্লি থেকে লন্ডনগামী উড়ানের ভাড়া আকাশছোঁয়া! টিকিটের দাম উঠল কয়েক লাখ

দিল্লি থেকে লন্ডনগামী বিমানের ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে গত কয়েক দিনে। এয়ার ফ্রান্স, এমিরেটসের মতো সংস্থাগুলির বিমান ভাড়া দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:০৫
Share:

দিল্লি থেকে লন্ডনগামী বিমানের ভাড়া বাড়ছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়া জুড়ে সামরিক সংঘাতের জেরে উত্তেজনা বাড়তেই ইরাক, কুয়েত, ওমান, কাতারের মতো দেশগুলি তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বাতিল করা হচ্ছে বহু বিমান। আবার ইউরোপের দেশগুলিতে পৌঁছোতে অনেক বিমানকে ঘুরপথে যেতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই সফরের সময় যেমন অনেকটাই বাড়ছে। তেমন বিমানের ভাড়াতেও ব্যাপক প্রভাব পড়ছে। বিমানের ভাড়া আকাশছোঁয়া হচ্ছে।

Advertisement

দিল্লি থেকে লন্ডনগামী বিমানের ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে গত কয়েক দিনে। এয়ার ফ্রান্স, এমিরেটসের মতো সংস্থাগুলির বিমান ভাড়া দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছে। এয়ার ফ্রান্সের বিমানগুলি দিল্লি থেকে রওনা দিয়ে প্যারিসে পৌঁছোচ্ছে। সেখান থেকে আমস্টারডম হয়ে লন্ডনে নামছে। ফলে সময় লাগছে ২০ ঘণ্টা ৩৫ মিনিট। অন্য দিকে এমিরেটসের যে বিমানগুলি দিল্লি থেকে রওনা হচ্ছে, সেগুলি প্রথমে দুবাইয়ে অবতরণ করছে। তার পর সেখান থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরে যাচ্ছে। এই সফরের সময় লাগছে প্রায় ২২ ঘণ্টা মতো। টিকিটের দামও দিন অনুযায়ী বদলাচ্ছে। তবে লাখ টাকার নীচে কোনও টিকিট নেই (গুগ্‌ল থেকে পাওয়া বিমানের ভাড়ার তথ্যসূত্র অনুযায়ী)।

দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ফ্রান্সের বিমানের ভাড়া সবচেয়ে বেশি। চাল লক্ষ টাকার উপরে। তার পর এমিরেটস, এয়ার ইন্ডিয়া। এই দুই বিমান সংস্থার ভাড়া আড়াই লক্ষ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। এতিহাদ এবং তুরস্ক এয়ারলাইন্সের বিমানের ভাড়াও চার লক্ষ টাকার বেশি। প্রসঙ্গত, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সামরিক সংঘাত শুরু হয়েছে শনিবার সকাল থেকে। তার পরই নিরাপত্তার কারণে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানের বিরুদ্ধে হামলা শুরু হতেই আমেরিকা ‘ঘনিষ্ঠ’ পশ্চিম এশিয়ার আটটি দেশে হামলা চালাচ্ছে। ফলে বহু যাত্রিবাহী বিমান ওই দেশগুলিতে যাতায়াত বন্ধ রেখেছে। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও। দুবাই থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমান যায়। বর্তমানে দুবাইয়ে বিমান ওঠানামা অনেক কমেছে সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে। দুবাইকে বিমান সংস্থাগুলি ‘ট্রানজিট পয়েন্ট’ হিসাবে ব্যবহার করে। এখন সে ভাবে এই ‘ট্রানজ়িট পয়েন্ট’কে ব্যবহার করা যাচ্ছে না। ফলে দিল্লি ইউরোপগামী বহু বিমানকে ঘুরপথে যেতে হচ্ছে। তার জেরে ভাড়াও বাড়ছে তরতরিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement