উন্মোচনের দু’ঘণ্টা পরই উধাও হল নতুন প্রকল্পের শিলান্যাসের ফলক! এমনই কাণ্ড ঘটেছে করিমগঞ্জ জেলার সাদারাশিতে।
কয়েক দিন আগে সাদারাশি জিপি দফতরের সামনে নির্মীয়মাণ ভবনের ফলক উন্মোচন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক, জেলা পরিষদ সদস্য-সহ জিপি সভাপতিও উপস্থিত ছিলেন। ২০১৩-১৪ অর্থ বছরে আরজিপিএন প্রকল্পের অধীনে ওই ভবন নির্মাণের জন্য ১৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়। বিধায়ক কমলাক্ষবাবু করিমগঞ্জে উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। কিন্তু অনুষ্ঠানটি শেষ হওয়ার কিছুক্ষণ পরই রহস্যজনক ভাবে ফলকটিই উধাও হয়ে যায়। এ নিয়ে এলাকায় জল্পনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, নতুন ভবন তৈরির জন্য ফলকে যত টাকা খরচের উল্লেখ করা ছিল, আদতে তার চাইতে অনেক কম খরচে জিপি দফতর তৈরি করা হবে। ফলকে টাকার পরিমাণ লেখা থাকায় কারচুপি করতে সমস্যা হতে পারে। অন্য পক্ষের মতে, জেলা পরিষদের তহবিল থেকে টাকা মঞ্জুর করা হয়েছে। কিন্তু ওই ফলকে সাদারাশি-লক্ষ্মীবাজার জেলা পরিষদ সদস্য হাওয়া বেগমের নাম ছিল না। নাম ছিল না সাদারাশি জিপির সভাপতিরও।