Petrol- Diesel Price Hike

পেট্রল-ডিজ়েলের দাম ফের বাড়ল! পাঁচ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার, কলকাতায় কত হল প্রতি লিটারের দাম?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার পরে গত শুক্রবারই বৃদ্ধি পেয়েছিল জ্বালানির দাম। তার পাঁচ দিনের মধ্যে মঙ্গলবার ফের একপ্রস্ত দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৭:১৫
Share:

—প্রতীকী চিত্র।

ফের বৃদ্ধি পেল পেট্রল-ডিজ়েলের দাম। মঙ্গলবার সকাল থেকেই কার্যকর হচ্ছে জ্বালানির বর্ধিত মূল্য। এই নিয়ে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম। কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম ৯৬ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজ়েলের দামও লিটারপিছু ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬ টাকা ৮ পয়সা।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার পরে গত শুক্রবারই বৃদ্ধি পেয়েছিল জ্বালানির দাম। তার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার ফের একপ্রস্ত দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের। গত শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩ টাকা ২৯ পয়সা বেড়ে হয়েছিল ১০৮ টাকা ৭৪ পয়সা হল। মঙ্গলবার থেকে তা হল ১০৯ টাকা ৭০ পয়সা। পাঁচ দিন আগে ডিজ়েলের লিটারপিছু দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে ৯৫ টাকা ১৩ পয়সা হয়েছিল। এ বার তা আরও বৃদ্ধি পেয়ে হল ৯৬ টাকা ৮ পয়সা।

মঙ্গলবার থেকে দিল্লিতে পেট্রলের দাম ৮৭ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজ়েলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১ টাকা ৫৮ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা। সেখানে ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৮ পয়সা। একই রকম ভাবে চেন্নাইয়েও পেট্রলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪ টাকা ৪৯ পয়সা এবং ডিজ়েলের দাম ৮৬ পয়সা বেড়ে ৯৬ টাকা ১১ পয়সা হয়েছে।

Advertisement

পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি সরবরাহ ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে ভারতেও। কারণ প্রয়োজনীয় জ্বালানির বেশির ভাগই অন্য দেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এ অবস্থায় ভারতের বৈদেশিক মুদ্রাভান্ডার সুরক্ষিত রাখতে দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১০ মে পেট্রল-ডিজ়েলের ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পেট্রল-ডিজ়েলের ব্যবহার কম করতে হবে। শহরে মেট্রো থাকলে, সেখানে মেট্রো ব্যবহার করতে হবে। মেট্রোতেই বেশি যাতায়াত করতে হবে। গাড়িতে যাওয়ার দরকার হলে ‘কারপুল’ ব্যবহারের চেষ্টা করুন। অন্যদেরও সঙ্গে বসিয়ে নিন।” করোনাকালে যেমন বাড়ি বসে অফিসের কাজ চলত, সেই রকম ভাবে ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’ শুরুর করার অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী ওই দিন আরও বলেন, “বিশ্বে পেট্রল-ডিজ়েলের দাম বেড়ে গিয়েছে। পেট্রল-ডিজ়েল কেনায় যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তার ব্যবহার কমিয়ে সেই বৈদেশিক মুদ্রা বাঁচাতে হবে— এটা আমাদের সকলের দায়িত্ব।”

প্রধানমন্ত্রীর সেই আর্জির পর চলতি মাসে এই নিয়ে দু’দফায় বৃদ্ধি পেল পেট্রল-ডিজ়েলের দাম। প্রথমে গত ১৫ মে, শুক্রবার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল। তার পাঁচ দিনের মধ্যে মঙ্গলবার ফের বৃদ্ধি পেল পেট্রল-ডিজ়েলের দাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement