Rape in Delhi

স্কুলে ভর্তির পরের দিনই তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার হয়েও জামিন দিল্লির স্কুল কর্মীর

অভিযুক্ত জামিন পাওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:২৭
Share:

— প্রতীকী চিত্র।

দিল্লির এক স্কুলে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার পুলিশ জানিয়েছে, এক দিন আগেই স্কুলে ভর্তি করানো হয়েছিল শিশুটিকে। ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলেরই ৫৭ বছরের এক কর্মীর বিরুদ্ধে।

Advertisement

পিটিআই সূত্রে জানা গিয়েছে, ১ মে শিশুটির মা থানায় অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ থেকে জানা গিয়েছে, ৩০ এপ্রিল স্কুল থেকে ফিরে শিশুটি নিজের যন্ত্রণার কথা জানায়। এর পরে মা তাকে প্রশ্ন করলে সে জানায়, স্কুলের কর্মী তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হেনস্থা করেছেন। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো ধারায় মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অভিযুক্তকে শনাক্ত করেছে। ১ মে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। ৭ মে অভিযুক্ত জামিন পেয়ে যায় বলে খবর। পুলিশ জানায়, তারা স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Advertisement

অভিযুক্ত জামিন পাওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, ওই ঘটনায় স্কুলের এক শিক্ষকও জড়িত। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপ নেতা সৌরভ ভরদ্বাজও পুলিশের দিকে আঙুল তুলেছেন। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ মানেনি। ডিসিপি (পশ্চিম) বিচিত্র বীর জানিয়েছেন, অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোর্টে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, নির্যাতিতার পরিবারকে হেনস্থা করেছে পুলিশ। সেই রিপোর্ট অস্বীকার করেছেন ডিসিপি। তিনি জানিয়েছেন, জামিনের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement