দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগী হল সরকার। দ্রব্যমূল্যে লাগাম টানতে বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখতে জেলাশাসক, মহকুমা শাসকদের নির্দেশ দিয়েছিল অসম সরকার। সেই অনুযায়ী করিমগঞ্জের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকরা আজ জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন।
করিমগঞ্জ বাজারে চাল, ডালের দাম মোটামুটি ঠিক থাকলেও মাছ, ফলের দাম ছিল চড়া। এমনকী করিমগঞ্জের একটি ফলের হোলসেল দোকানের দামে অসঙ্গতি থাকায় জেলাশাসক মনোজ কুমার ডেকা অত্যাবশ্যকীয় পণ্য আইনে সেই ব্যবসায়ীকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গ্রাহকদের ঠকিয়ে মুনাফা লাভ করতে দেওয়া হবে না। সঙ্গে থাকা জোগান বিভাগের আধিকারিকদের এ বিষয়ে সক্রিয় থাকতে নির্দেশ দেন তিনি।