Hard Landing of Flight

তাইল্যান্ডের ফুকেতে অবতরণের সময় সামনের চাকা খুলে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের! উড়েছিল হায়দরাবাদ থেকে

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স ৯৩৮ উড়ান বুধবার সকাল ৬টা ৪২ মিনিটে তেলঙ্গানার হায়দরাবাদ থেকে রওনা হয়েছিল। ফুকেতে অবতরণ করে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:৩০
Share:

অবতরণের সময় বিমানের সামনের চাকা খুলে গিয়েছে। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। গন্তব্য ছিল তাইল্যান্ডের ফুকেত। কিন্তু অবতরণের সময় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উড়ানটি। বুধবার সেটি ফুকেত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় সামনের চাকা আচমকাই খুলে যায়। সেই অবস্থাতেই ঘষটে রানওয়েতে অবতরণ করে উড়ানটি।

Advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার জেরে বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। বিমানে কত জন যাত্রী ছিলেন তা স্পষ্ট ভাবে কিছু উল্লেখ করেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত বিমানটির ছবি প্রকাশ্যে এসেছে (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এই ঘটনার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করেন। সাময়িক ভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়।

ছবিতে দেখা যাচ্ছে, বিমানের সামনের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত। চাকা ছাড়াই ল্যান্ডিং গিয়ারের উপর বিমানটি দাঁড়িয়ে। ওড়া এবং অবতরণের ক্ষেত্রে ল্যান্ডিং গিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ল্যান্ডিং গিয়ার থেকে চাকা খুলে যাওয়ায় পাইলটের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। বিমানসংস্থার মুখপাত্র জানিয়েছেন, হায়দরাবাদ থেকে ফুকেতগামী বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়। কিন্তু সমস্ত প্রোটোকল মেনেই যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

Advertisement

ফ্লাইটরেডার২৪ ডট কমের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স ৯৩৮ উড়ান বুধবার সকাল ৬টা ৪২ মিনিটে হায়দরাবাদ থেকে ওড়ে। ফুকেতে অবতরণ করে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে। সকাল ১১টা ৫৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অবতরণের সময় বিমানের সামনের চাকা খুলে যায়। ফলে বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement