Heatwave in Maharashtra

মহারাষ্ট্রে তাপপ্রবাহ! তাপমাত্রা ছুঁয়েছে ৪৪ ডিগ্রি, ভয়ানক অবস্থা বিদর্ভে, গত এক মাসে রাজ্যে হিটস্ট্রোকে আক্রান্ত ১৫

রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে ১৫ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রত্নাগিরি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:২০
Share:

গরমে পুড়ছে মহারাষ্ট্র। ছবি: পিটিআই।

গরমে নাভিশ্বাস উঠছে মহারাষ্ট্রে। সেখানে কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলছে। অকোলা, বিদর্ভ এবং রত্নাগিরি-সহ রাজ্যের বেশির ভাগ জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। মৌসম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

Advertisement

রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অকোলা জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে গোটা রাজ্যে ১৫ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রত্নাগিরি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। ওই জেলায় ছ’জন আক্রান্ত হয়েছেন। পালঘরে আক্রান্তের সংখ্যা দুই। এ ছাড়াও পুণে, রায়গড়, নাসিক, নন্দুরবার, জলগাঁও জালনা এবং গঢ়চিরৌলিতেও এক জন করে হিটস্ট্রোকে আক্রান্ত।

পুণে পুরনিগমের তথ্য বলছে, গত এক মাসে ৬০০ জনেরও বেশি মানুষ গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু মার্চেই অসুস্থ হয়ে শহরের ১৯টি হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে ৬৫৪ জন রোগী চিকিৎসা করাতে এসেছিলেন। তাঁদের মধ্যে ডিহাইড্রেশনে আক্রান্তের সংখ্যা ছিল বেশি। এ ছাড়াও গরমে কমজোরি হয়ে পড়া, অ্যালার্জি, গরমে পেশিতে টান পড়া, গরমে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো উপসর্গ নিয়েও অনেকে হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে যান।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, আগামী দিন তাপমাত্রা আরও বাড়বে। মহারাষ্ট্রে ১৫-১৮ এপ্রিল, মরাঠাওয়াড়ায় ১৬-১৮ এপ্রিল, বিদর্ভে ১৫-১৯ এপ্রিল এবং কোঙ্কন অঞ্চলে ১৫-১৭ এপ্রিল তাপমাত্রা বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement