— প্রতীকী চিত্র।
পেট্রল, ডিজ়েল ও বাণিজ্যিক গ্যাসের পর, এ বার দাম বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসেরও। তিন মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয় বার দাম বৃদ্ধি হল। এক ধাক্কায় সিলিল্ডারপিছু ২৯ টাকা করে দাম বাড়ল। আগামী ৭ জুন (রবিবার) থেকে কলকাতায় সিলিন্ডারপিছু গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হবে ৯৬৮ টাকা। আগে ছিল ৯৩৯ টাকা। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে একেই ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। গত ১ জুন থেকে কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে হল ৩২৫৫ টাকা ৫০ পয়সা। এর ঠিক পাঁচ দিনের মাথায় দাম বাড়ল ১৪.২ কেজির সিলিন্ডারের। এই দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উদ্বেগে সাধারণ মানুষ।
ঘনঘন বাণিজ্যিক গ্যাসের দাম নড়াচড়া করলেও, একটা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত ছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপের কারণে তিন মাসের মধ্যে আবার সিলিল্ডারপিছু ২৯ টাকা বৃদ্ধি হয়েছে। শনিবার দেশের রাজধানী নয়াদিল্লিতে সিলিল্ডারপিছু ২৯ টাকা দাম বেড়ে হল ৯৪২ টাকা। আগে ছিল ৯১৩ টাকা।
গৃহস্থালির রান্নার গ্যাসের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ৫ ও ১০ কেজি সিলিন্ডারের দামও। ৫ কেজি সিলিন্ডার ১০.৫০ টাকা বেড়ে হয়েছে ৩৫৮.৫০ টাকা। আর ১০ কেজির দাম বেড়ে হয়েছে ৬৯১.৫০ টাকা।
পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার কারণে এলপিজি আমদানিতে ব্যাঘাত ঘটে। দীর্ঘদিন প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জোগান বন্ধ থাকার কারণে দেশে রান্নার গ্যাসের সরবরাহ এবং দামে তার বিরূপ প্রভাব পড়েছে। হরমুজ প্রণালী বন্ধের কারণে গোটা দেশে রান্নার গ্যাসের ব্যাপক সঙ্কট তৈরি হয়। এই পরিস্থিতিতে গত ৭ মার্চ, এক ধাক্কায় প্রায় ৬০ টাকা বাড়ানো হয়েছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। এর তিন মাসের মধ্যেই আবার দাম বৃদ্ধি হল গৃহস্থের এলপিজি সিলিন্ডারের। বড়সড় চাপ বাড়ল মধ্যবিত্তের হেঁশেলে।