Gwalior Temple Stampede

মধ্যপ্রদেশের মন্দিরে পুজোর অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত এক, আহত অনেকে

জানা গিয়েছে, মঙ্গলবার গ্বালিয়রের ডাবরা শহরের নবগড় মন্দিরে ‘কলসযাত্রা’র আয়োজন করা হয়েছিল। প্রতি বছর এই অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হয়। এ বছরেও প্রচুর পুণ্যার্থী হাজির হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫
Share:

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের গ্বালিয়রের এক মন্দিরে পুজো অনুষ্ঠানকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায়। আর এই ঘটনায় পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড়ের মাঝে পড়ে যান বছর সত্তরের এক বৃদ্ধা। তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত হয়েছেন আরও ছ’জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার গ্বালিয়রের ডাবরা শহরের নবগড় মন্দিরে ‘কলসযাত্রা’র আয়োজন করা হয়েছিল। প্রতি বছর এই অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হয়। এ বছরেও প্রচুর পুণ্যার্থী হাজির হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় বাড়ছিল। পুণ্যার্থীদের মধ্যে বেশির ভাগই মহিলা। ডাবরা স্টেডিয়ামের কাছে বিপুল সংখ্যায় জমায়েত হয়। জেলাশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, পরিস্থিতি বিগড়ে যায় ‘পবিত্র পাত্র’ বিলিকে কেন্দ্র করে। হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ফলে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়।

গ্বালিয়র রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, একসঙ্গে অনেক পুণ্যার্থী ‘পবিত্র পাত্র’ নেওয়ার জন্য এগিয়ে আসতেই ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আর সেই ধাক্কায় এক বয়স্ক মহিলা পড়ে যান। ভিড়ের চাপে মৃত্যু হয় তাঁর। আহত হয়েছেন আরও ছয় মহিলা। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। না হলে আরও বড় বিপদ ঘটে যেতে পারত বলে আইজি জানিয়েছেন। যদিও পরে পরিস্থিতি শান্ত হওয়ার পর ‘কলসযাত্রা’ আবার শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েক জন ভিড়ের মধ্যে পড়ে যান। তাঁদের উপর দিয়েই ভিড় এগিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রতি বছর প্রচুর ভিড় হয়, এটি জানা সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। যদিও পুলিশের দাবি, পর্যাপ্ত নিরাপত্তাই ছিল। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement