—প্রতীকী চিত্র।
ভারতের বন্দরে আটকে পড়া ইরানের যুদ্ধজাহাজ ‘আইরিস লাভান’-এর ১৮৩ জন কর্মীকে যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল নয়াদিল্লি।
ভারতের সঙ্গে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’-এ অংশ নিতে ফেব্রুয়ারি মাসে এ দেশের বিশাখাপত্তনমে এসেছিল ইরানের যুদ্ধজাহাজটি। কিন্তু এক দিকে ইরানের উপর আমেরিকা-ইজ়রায়েলের হামলা, অন্য দিকে যান্ত্রিক গোলযোগ— এ সব কারণে আটকে পড়ে জাহাজটি। গত ২৮ ফেব্রুয়ারি দিল্লির কাছে আবেদন জানায় তেহরান, তাদের তিনটি যুদ্ধজাহাজ, আইরিস লাভান, আইরিস বুশেহর ও আইরিস দেনাকে যাতে ভারতের বন্দরে আশ্রয় দেওয়া হয়। ১ মার্চই অনুমতি দিয়ে দেয় দিল্লি।
তিনটি জাহাজের মধ্যে একমাত্র আইরিস লাভান ভারতের বন্দরে পৌঁছতে সক্ষম হয়েছিল। ৪ মার্চ কোচি পৌঁছয় জাহাজটি। তার পর থেকে সেটি কোচির সমুদ্র-বন্দরে রয়েছে। জাহাজের কর্মীদের ভারতে থাকার অনুমতি দেওয়া হয়। আইরিস বুশেহর আশ্রয় নেয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কাই সেই জাহাজের কর্মীদের সে দেশে থাকার ব্যবস্থা করে। কিন্তু শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় আমেরিকান ডুবোজাহাজের আক্রমণে ডুবে যায় ‘আইরিস দেনা’। তাতে প্রচুর প্রাণহানি ঘটে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছেন, ‘আইরিস লাভান’-কে ভারতীয় বন্দরে আশ্রয় দেওয়া একটি ‘মানবিক সিদ্ধান্ত’ ছিল। তিনি বলেছেন, “আমাদের বিশ্বাস, আমরা ঠিক কাজ করেছি।” জয়শঙ্কর এ-ও জানান, ইরানের বিদেশমন্ত্রী এ জন্য ভারতের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে