US-Iran Conflict

কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ, ব্যাহত বিমান পরিষেবা! ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস নয়াদিল্লির

রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার কারণে ভারতে থাকা সকল বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১২:৪৫
Share:

বিমানবন্দরে আটকে বিদেশি নাগরিকেরা। ছবি: রয়টার্স।

যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। আর তার ফলে বহু বিদেশি নাগরিক আটকে পড়েছেন ভারতে। সফরসূচি পাল্টাচ্ছে হচ্ছে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। তাঁদের উদ্বিগ্ন না-হওয়ার পরামর্শ দিল নয়াদিল্লি।

Advertisement

রবিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনার কারণে ভারতে থাকা বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি বা আপাতত তাঁদের ভারতের থাকার বিষয়টি নিশ্চিত করতে সবরকম সহায়তা করতে প্রস্তুত। বিদেশি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাঁদের নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফপিআরও) যোগাযোগ করেন! সেখানেই মিলবে যাবতীয় সাহায্য।

ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইজ়রায়েলের আকাশসীমাও। পরে রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, ইরাক, কুয়েত এবং কাতারও নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বিভিন্ন দেশের উড়ান সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর পাশাপাশি এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ়, ইবেরিয়া এক্সপ্রেস, জাপান এয়ারলাইন্স, লুফথহান্‌সা, এলওটি এয়ারলাইন্স, নরওয়েজিয়ান এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, ভার্জিন অ্যাটলান্টিক, এয়ার আলজিরি, স্ক্যানডেনেভিয়ান এয়ারলাইন্স, উইজ় এয়ার, পেগাসাস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ়ের মতো উড়ান সংস্থাগুলি পশ্চিম এশিয়ার উপর দিয়ে বিমান আপাতত বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে যাতায়াতের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির আকাশসীমাকেই ব্যবহার করতে হয় ভারতকে। বিশেষ করে আন্তর্জাতিক বিমান পরিবহণের অন্যতম কেন্দ্র বলা চলে দুবাইকে। ভারত থেকে বিভিন্ন বিমান দুবাই হয়ে আমেরিকা এবং ইউরোপে যায়। আবার অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরগামী অনেক বিমানও ভারত থেকে দুবাই হয়ে যাতায়াত করে। ইরানের হামলার পর আপাতত দুবাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি টার্মিনাল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement